২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী অর্থবছর থেকে নগদ সহায়তা দেওয়া হবে না : অর্থমন্ত্রী

আগামী অর্থবছর থেকে বস্ত্র ও পোশাক রপ্তানিতে স্থানীয় সুতা ব্যবহারের জন্য বর্তমানে প্রচলিত ৫ শতাংশ নগদ সহায়তা দেওয়া হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 06:22 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) আয়োজিত তিনদিনব্যাপি দ্বিতীয় বাংলাদেশ নিট প্রর্দশনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

বিকেএমইএ, বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস সমিতি (বিটিএমএ) সদস্যরা এই সহায়তা পেয়ে থাকে। 

অবশ্য এসময়ে নিট মালিকদের আগামী ঈদের আগেই ২০০ কোটি টাকার বকেয়া নগদ সহায়তা ছাড় দেওয়ার দাবির প্রেক্ষিতে অর্থমন্ত্রী নগদ সহ্য়াতা ছাড় দেওয়ার আশ্বাস দেন। তবে কি পরিমান নগদ সহায়তা ছাড় দেওয়া হবে, তা তিনি উল্লেখ করেননি।

১৯৯৭ সালে মোট রপ্তানি ক্ষেত্রে ন্যুনতম মূল্য সংযোজন বাদে বাকি অর্থের ওপর ২৫ শতাংশ নগদ সুবিধা দেওয়া হতো। পরবর্তীতে রপ্তানির পরিমান বেড়ে গেলে এ হার কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়। ২০০২ অর্থবছরে ১৫ শতাংশ নগদ সহায়তা দেওয়া হলেও ২০০৩ সালের জুলাই থেকে এ হার ১০ শতাংশে নামিয়ে আনা হয়।

২০০৪ অর্থবছর থেকে নগদ সহায়তা প্রদানের হার ছিল ৫ শতাংশ।

চলতি অর্থবছর থেকে সরকার এ হার তুলে দেওয়ার ঘোষণা দিলেও তিন সমিতির দাবির প্রেক্ষিতে এ অর্থবছর পর্যন্ত সময় বাড়ানো হয়।

গত দশ বছর ধরে সরকার বস্ত্র ও পোশাক রপ্তানিতে স্থানীয় সুতার ব্যবহারের জন্য গড়ে ৬শ’ থেকে ৯শ’ কোটি পর্যন্ত নগদ সহায়তা দেওয়া হয়েছে। মূলত নগদ সহায়তা ৮শ’ কোটি টাকার বেশি হওয়ার পরই সরকার ধাপে ধাপে নগদ সহায়তার হার কমিয়েছে। রপ্তানি বাড়ায় নগদ সহায়তার পরিমান ক্রমাগত বেড়েছে।