২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে কমনওয়েলথ ও ডব্লিউটিও মহাসচিবের বৈঠক

হংকংয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের ষষ্ঠ সম্মেলনে যোগ দিতে যাওয়া বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী সোমবার কমনওয়েল্থ মহাসচিব ডোনাল্ড সি ম্যাকিনন এবং ডব্লিউটিও মহাসচিব প্যাসকাল লামির সাথে পৃথক বৈঠকে মিলিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 06:21 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

স্থানীয় হায়াত হোটেলে বৈঠককালে তারা স্বল্পোন্নত দেশসমূহের দক্ষ ও আধাদক্ষ শ্রমজীবীর অস্থায়ীভাবে উন্নয়নশীল ও উন্নত দেশে অবাধ যাতায়াতের ব্যাপারে ফলপ্রসূ আলোচনা করেন। বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনের বিভিন্ন দিক নিয়েও তারা আলোচনা করেন।

এছাড়াও বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী হংকংয়ের বাণিজ্য মন্ত্রী জন সুং, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী হুমায়ূন আকতার চৌধুরী, জাম্বিয়ার বাণিজ্য ও শিল্প মন্ত্রী এবং স্বল্পোন্নত দেশসমূহের সমন্বয়কারী দিপক কে এ প্যাটেলের সাথে পৃথকভাবে দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ে আলোচনা করেন।

হংকং সম্মেলনের আলোচ্য সূচির বিভিন্ন দিক নিয়েও তারা মত বিনিময় করেন।

বাণিজ্যমন্ত্রী সোমবার হংকং কনভেনশন সেন্টারে স্বল্পোন্নত দেশসমূহের পরামর্শক বৈঠকেও অংশ নেন।

বাণিজ্যমন্ত্রী স্থানীয় কাউলুন শ্যাংরিলা হোটেলে ওআইসি সদস্যভূক্ত দেশসমূহের বাণিজ্য মন্ত্রীদের পরামর্শক বৈঠকেও যোগদান করেন।

ছয়দিনব্যাপী বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রিপর্যায়ের ষষ্ঠ বৈঠক হংকংয়ের কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে মঙ্গলবার থেকে শুরু হবে।