পুঁজিবাজার মেলা প্রমাণ করেছে নতুন বিনিয়োগকারীরা শেয়ার বিনিয়োগে আগ্রহী: সিএসই প্রেসিডেন্ট
ছাত্রসমাজসহ বিভিন্ন পেশার হাজার হাজার নতুন বিনিয়োগকারীর অংশগ্রহণের মধ্যে দিয়ে বুধবার শেষ হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়োজিত দু’দিনব্যাপী দেশের প্রথম পুঁজিবাজার মেলা।
মেলায় অংশগ্রহণকারীদের অনেকেই নবীন বিনিয়োগকারীদের এ অভূতপূর্ব সাড়ায় বিস্মিত হন। কেউ কেউ এ মেলায় স্টল খুলে উপকৃত হন বলে জানান।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), সিএসই, সিডিবিএল এবং অন্যান্য সিএসই ব্রোকার তাদের স্টলগুলোতে আগত আগ্রহীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মেলায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীরা দেশের পুঁজিবাজারের উন্নয়নে প্রথমবারের মতো এরকম মেলার আয়োজনের জন্যে সিএসইকে অভিনন্দন জানান।
রাত ৮টায় মেলা--সমাপনী অনুষ্ঠানে সিএসই প্রেসিডেন্ট বলেন, দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ মেলা প্রমাণ করেছে, এ ধরনের উদ্যোগ একেবারে নতুন বিনিয়োগকারীদের জন্যে খুবই উপকারী। জনাব খান বলেন, এ মেলা ব্রোকার, তালিকাভুক্ত কোম্পানি, এসইসি, সিএসই অথবা সিডিবিএল--এর সাথে বিনিয়োগকারীদের সরাসরি যোগাযোগ নিশ্চিত করেছে।
১৯৯৬--এর জালিয়াতির পরে অনেক বিনিয়োগকারীই শেয়ার বাজার থেকে সরে গিয়েছিলেন। আমরা মেলার মতো নতুন কর্মসূচিগুলোর মাধ্যমে তাঁদের বাজারমুখি করেছি।’
সমাপনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিএসই প্রেসিডেন্ট মেলায় অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করেন।
সিএসই ভাইস প্রেসিডেন্ট নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী, পরিচালক আবু সায়ীদ মোহাম্মদ শহিদুল্লাহ, তারেক কামাল এবং বিজন চক্রবর্তী সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
