দারিদ্র বিমোচনে বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ইউরোর প্রতিশ্র“তি দিয়েছে ইউরোপীয় কমিশন
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন, চলতি বছর বাংলাদেশের বিভিন্ন দারিদ্র বিমোচন কর্মসূচি ত্বরান্বিত করতে ইউরোপীয় কমিশন (ইসি) বুধবার বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ইউরোর সমপরিমান তহবিল সহায়তা দেয়ার প্রতিশ্র“তি দিয়েছে।
ঢাকায় ইসি’র নব-নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন ড. স্টিফান ফ্রোউইনের সাথে বুধবার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সাইফুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, তবে তহবিলের সদ্ব্যবহারের উপর সহায়তার পরিমান বৃদ্ধি পাওয়ার বিষয়টি নির্ভর করে।
ড. ফ্রোউইন তিন মাস আগে বাংলাদেশে এলেও বুধবার এই প্রথম আনুষ্ঠানিকভাবে সাইফুর রহমানের সাথে বৈঠকে মিলিত হলেন।
বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ইসি’র অব্যাহত সহযোগিতার প্রশংসা করে সাইফুর রহমান বলেন, ইসি ও বাংলাদেশের সাথে এখনও সুসম্পর্ক রয়েছে।
তিনি বলেন, উন্নয়ন সহযোগিতার উপর ইসি’র রাষ্ট্রদূতের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে তার সাথে কোন রাজনৈতিক আলোচনা হয়নি বলে তিনি উল্লেখ করেন।
বুধবারের বৈঠকের পর ড. স্টিফান সাংবাদিকদের বলেন, অর্থমন্ত্রীর সাথে এটি ছিল একটি সৌজন্য সাক্ষাত।
তিনি বলেন, ইসি বাংলাদেশে তার সহযোগিতা অব্যাহত রাখতে চায়। বিশেষ করে স্বাস্থ্য, সামাজিক গতিশীলতা, প্রাথমিক শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা খাতগুলোতে অগ্রাধিকারভিত্তিতে সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি বলেন, টেকসই কৌশল ও দ্রুত অর্থনীতিমুখী প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে বাংলাদেশের দারিদ্র নিরসন করাই ইসি’র উদ্দেশ্য।
২০০২ থেকে ২০০৬ সালের কান্ট্রি স্ট্র্যাটেজি পেপারের বিশ্লেষণ ও উদ্দেশ্যের উপর ভিত্তি করে ইসি’র সাথে বাংলাদেশের সম্পর্ক নির্ধারিত হয়ে থাকে।
ইউরোপীয় কমিশন প্রতি বছর বাংলাদেশকে ১৩০ মিলিয়ন ইউরোর (বাংলাদেশী মুদ্রায় ছয় দশমিক পাঁচ বিলিয়ন টাকা) সমপরিমান সহায়তা দিয়ে থাকে। পাশাপাশি ইউরোপীয় কমিশন ও তার সদস্য দেশগুলো বাংলাদেশী পণ্যের জন্য একটি বড় বাজারে পরিণত হয়েছে।
ইউরোপীয় কমিশনের সাথে বাণিজ্যের ক্ষেত্রেও বাংলাদেশ অনেক দিন ধরেই সুবিধাজনক অবস্থানে রয়েছে। ২০০৪-২০০৫ অর্থবছরে বাণিজ্যে উদ্বৃত্তের পরিমাণ প্রায় ৯০০ মিলিয়ন ডলার (৪৫০০ কোটি টাকা)।
