২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়াদিল্লিতে বিমসটেকের আইনি ও আইনশৃঙ্খলা বিষয়ক উপকমিটির বৈঠক শুরু

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিমসটেকের আইনি ও আইন শৃঙ্খলা বিষয়ক উপ কমিটির বৈঠকে সোমবার সন্ত্রাসবাদের অর্থ যোগান এবং আন্তদেশীয় অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

সংশ্লিষ্ট কর্মকর্তারা বিডিনিউজকে জানান, দু’দিনব্যাপী এ বৈঠকে ভারতের পক্ষ থেকে সন্ত্রাসবাদ ইস্যুতে বিমসটেকের আওতায় একটি সমন্বিত আঞ্চলিক কনভেনশন গঠনের প্রস্তাব করার কথা রয়েছে ।

বর্তমানে সার্কের অধীনে সন্ত্রাসবাদ দমন বিষয়ে একটি সার্ক কনভেনশন রয়েছে। আঞ্চলিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ১৯৮৭ সালে এ কনভেনশন গঠন করা হয়। পরবর্তীতে ২০০৪ সালে এ কনভেনশনের সাথে অতিরিক্ত একটি প্রটোকল জুড়ে দেওয়া হয়।

কর্মকর্তারা বলেন, থাইল্যান্ড ও মায়ানমার সার্কের সদস্য না হওয়ায় এ অঞ্চলের সন্ত্রাসবাদ, এর অর্থ যোগান, মাদক চোরাচালান ও পাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্যে বিমসটেকের অধীনে অপর একটি কনভেনশন গঠন করা প্রয়োজন।

বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা এ বৈঠকে অংশ নিচ্ছেন।

এদিকে ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় শুরু হতে যাওয়া বিমসটকের মন্ত্রী পর্যায়ের তিনদিনব্যাপী বৈঠকের প্রস্তুতি চলছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়।

১৯৯৭ সালের জুনে ব্যাংককে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও থাইল্যান্ড প্রথম বিমসটেক গঠনের উদ্যোগ নেয়। পরবর্তীতে বাংলাদেশ--ভারত--শ্রীলংকা--থাইল্যান্ড অর্থনৈতিক সহযোগিতা (বিসটেক) গঠন করা হয়।

১৯৯৭ সালের ২২ ডিসেম্বর ব্যাংককে মন্ত্রী পর্যায়ের এক বিশেষ বৈঠকে এ জোটের নতুন সদস্য হিসেবে মায়ানমারকে অন্তর্ভুক্ত করা হয়। তখন এর নাম হয় বাংলাদেশ--ভারত--মায়ানমার--শ্রীলংকা-থাইল্যান্ড অর্থনৈতিক সহযোগিতা (বিমসটেক)।

পরে  ২০০৪ সালে অবশ্য ভুটান ও নেপালকেও এর সদস্য করা হয়।