২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে ৭৪ শতাংশ দক্ষ লোককে নিয়োগ দিতে ব্যর্থ

সঠিক পদে নিয়োগ না দেওয়ার কারণে অর্থনৈতিক ব্যবস্থাপনায় দক্ষ প্রায় ৭৪ শতাংশ কর্মকর্তাকে যথাযথভাবে ব্যবহার করতে পারছে না সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার কর্মসূচির স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্যে সরকারকে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়েছিল। রোববার ‘বাংলাদেশের টেকসই অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার’ শীর্ষক এক সেমিনারে অর্থ-সচিব বলেন, আয়ারল্যান্ডের উলস্টার বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করা মাত্র ২৬ শতাংশ সরকারি অর্থনৈতিক ব্যপস্থাপকদের সঠিক স্থানে নিয়োগ দেওয়া হয়েছে।

নগরীর অর্থনৈতিক ব্যবস্থাপনা একাডেমীতে উলস্টার বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ইলিয়াস আহমেদ।

অর্থসচিব বলেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা জোরদার করার জন্যে অন্তত ৫০ ভাগ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদেরকে যথাযথ পদে নিয়োগ দেওয়া উচিত।

সরকার এর আগে বাজেট ও ব্যয় সংকোচন সংস্কার প্রকল্পের আওতায় কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা পদ্ধতিতে যাতে তারা ভূমিকা রাখতে পারেন সেজন্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল।

এ প্রকল্পের আওতায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মোট ৫৩ জন কর্মকর্তা উলস্টার বিশ্ববিদ্যালয় থেকে সরকারি অথনৈতিক ব্যবস্থাপনা বিষয়ে øাতকোত্তর ডিগ্রী নেন। সর্বশেষ ১৯ সদস্যের একটি ব্যাচ সম্প্রতি তাদের গ্রাজুয়েশন সম্পন্ন করেন।

তবে প্রশিক্ষণপ্রাপ্ত এসব কর্মকর্তাদের মধ্য থেকে মাত্র ১৪ জনকে প্রশিক্ষণ সংশ্লিষ্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান এসপিপিপি প্রকল্পের অডিট বা অ্যাকাউন্ট বিশেষজ্ঞ কাজী গোলাম তৌসিফ।

তিনি বলেন, বাকি ৩৯ জন কর্মকর্তাকে সঠিক পদে নিয়োগ দেওয়া হয়নি। এর ফলে মেধা ও অর্থের অপচয় হচ্ছে।

সরকারি অন্যান্য খাতেও এধরনের অপচয় হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সেমিনারের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উলস্টার বিশ্ববিদ্যালয় অ্যালামনাই কর্মকর্তা সু রিস, উপ অর্থ উপদেষ্টা রঞ্জিত চক্রবর্তী, অতিরিক্ত অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক এবং পূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুজিবুর রহমান হাওলাদার।