অব্যাহত বোমা হামলায় পুঁজি বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে
গাজীপুর ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক জঙ্গি হামলার কারণে দেশের পুঁজি বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বিডিনিউজকে বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বের শেয়ার বাজারগুলোতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এ ঘটনায় ইতোমধ্যেই বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস কমতে শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।
গাজীপুর ও চট্টগ্রামে ২৯ নভেম্বরের বোমা হামলার পর ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শেয়ার বাজারে ব্যাংক ধসের কথা উল্লেখ করে তিনি বলেন, বোমা হামলার কারণে মাত্র কয়েকদিনে বাজারে ধস নেমেছে।
২৯ নভেম্বর সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপের কারণে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ব্যাপক ধস নামে।
ওইদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ারের মূল্য সূচক ছিল ১২৯৪ দশমিক ০৯ পয়েন্ট, যা আগের দিনের তুলনায় ৪ দশমিক ৩২ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ কম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সকল শেয়ারের মূল্য সূচক দশমিক ৪৪ শতাংশ কমে যায়। সেখানে আগের দিনের ৩৪৪৮ দশমিক ২৮ পয়েন্টের জায়গায় ৩৪৩২ দশমিক ৯২ পয়েন্টে চলে আসে।
আবু আহমেদ বলেন, আত্মঘাতী বোমা হামলা অব্যাহত থাকলে পুঁজি বাজারের অবস্থা আরও খারাপ হতে পারে। ইতোমধ্যে সার্বিক বিনিয়োগের পরিবেশ মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে এবং এ ধরনের হামলার ঘটনা অব্যাহত থাকলে তা আরও ক্ষতিগ্রস্ত হবে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান মীর্জা আজিজুল ইসলাম বিডিনিউজকে বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার উপরই পুঁজি বাজারের পরিস্থিতি নির্ভর করবে।
তিনি বলেন, গাজীপুর ও চট্টগ্রাম আদালতে বোমা হামলার পর পুঁজি বাজারে ততটা ধস নামেনি বরং আমাদের বিনিয়োগকারীরাই সাধারণত বিশ্বের অন্যান্য বাজার সম্পর্কে সতেচন নয়।
