নকশা, উৎপাদন উপকরণ ও প্রশিক্ষণের অভাব বাংলাদেশের হস্তশিল্প বাজার বি¯তৃতির পথে বাধা
বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ও ব্যবহারের উপর শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, উৎপাদন নকশা, উৎপাদন উপকরণ ও প্রশিক্ষণের অভাব এবং অপর্যাপ্ত সুযোগ বাংলাদেশের হস্তশিল্পের বাজার বি¯তৃতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
ঢাকা শেরাটন হোটেলে ট্রেডক্র্যাফট আয়োজিত ওই সেমিনারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস- -প্রেসিডেন্ট মীর শাহাবুদ্দিন মোহাম্মদ বলেন, নব্বই দশকের প্রথম দিকে বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে হস্তশিল্পের একটি উল্লেখযোগ্য স্থান থাকলেও নকশার অভাব ও অনুন্নত প্যাকেজিংয়ের কারণে রপ্তানির পরিমাণ কমতে থাকে।
তিনি জানান, পৃথিবীর ৬০টি দেশে আমাদের রপ্তানিকারকরা হস্তশিল্পজাত পণ্য রপ্তানি করছে। কিন্তু তাদের মধ্যে মাত্র কয়েকটি কোম্পানি তাদের পণ্য রপ্তানি করতে সক্ষম হয়েছে। বাজারের চাহিদা ও প্রবণতা সংক্রান্ত জ্ঞানের অভাবের কারণে অনেক কোম্পানি দেশের বাইরে হস্তশিল্প রপ্তানি করতে উদ্যোগ নেয়ার ক্ষেত্রে বিরত থেকেছে।
তিনি বলেন, বিভিন্ন দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন নন ট্যারিফ বাধাগুলো সম্পর্কেও তারা জানেন না।
জ্ঞানের পরিধি বাড়িয়ে ও একটি নকশা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে উৎপাদনকারীদের প্রকৃত চাহিদার উপর দৃষ্টি দিতে শাহাবুদ্দিন আয়োজকদের প্রতি আহ্বান জানান।
সেমিনারের মূল প্রবন্ধে জ্যাকি করলেট বলেন, পণ্যের মান ও ব্যবসায়ের পরিধি আরও বৃদ্ধি করতে বাংলাদেশের মানুষের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে। তবে ব্যবসায়ের ক্ষেত্রে টিকে থাকা ও প্রতিযোগিতা করার ক্ষেত্রে পণ্য উন্নয়ন গুরুত্বপূর্ণ একটি বিষয়।
ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য দেশের বাজারের চাহিদা বুঝতে স্থানীয় মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এমএসএমই) মান বাড়াতে আয়োজকরা একটি কর্মসূচি গ্রহণ করেছে।
প্রজেক্ট ম্যানেজার হেলেন ম্যাক্রি বলেন, স্থানীয় ও ইউরোপীয় ইউনিয়নের বাজারের ইন্টেরিয়র ও ফ্যাশন ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই ইউরোপীয় কমিশনের উন্নয়ন কর্মসূচি এশিয়া ইনভেস্ট প্রকল্পটি হাতে নিয়েছে।
হেলেন ম্যাক্রি বলেন, সীমিত শিক্ষা ও প্রশিক্ষণ সুবিধাদি, সম্পদ ব্যবহারে সীমাবদ্ধতা এবং পণ্যের মান ও বিশ্বাসযোগ্যতা তদারকি করার জন্য পেশাদার কর্তৃপক্ষের অনুপস্থিতি বাংলাদেশের হস্তশিল্পের পণ্য উন্নয়নের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
সেমিনারে অন্যানদের মধ্যে বাংলাদেশে ইউরোপীয় কমিশন ডেলিগেশনের ফার্স্ট সেক্রেটারি নিকিলাস টেইলর ও ট্রেডক্র্যাফটের আবাসিক প্রতিনিধি শাহেদ ফেরদৌস সেমিনারে বক্তব্য রাখেন।
অবশ্য গত বছরের তুলনায় চলতি অর্থ বছরের জুলাই--আগস্ট সময়ে বাংলাদেশের হস্তশিল্প রপ্তানির পরিমাণ শতকরা ২৬ দশমিক ৭৯ ভাগ বৃদ্ধি পেয়েছে।
