২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণসংহতি সম্মিলনের আহবান: স্বল্পোন্নত দেশের জন্যে রুলস অব অরিজিন সহজীকরণসহ শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার

স্বল্পোন্নত দেশের পণ্যের ক্ষেত্রে রুলস অব অরিজিন সহজীকরণসহ শুল্ক ও কোটামুক্ত বাজার প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। দু’দিনব্যাপী ন্যায্য বাণিজ্য গণসংহতি সম্মিলনের ঢাকা ঘোষণা ২০০৫--এ শনিবার এ আহবান জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 06:46 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

এতে স্বল্পোন্নত দেশের জন্য সুনিশ্চিত ও অনুমানযোগ্য বাজার প্রবেশাধিকার এবং কোনও এন্টি ডাম্পিং ও অ--শুল্ক বাধা না আরোপের দাবি করা হয়।

ঘোষণায় আরো বলা হয়, গরীব দেশসমূহ যাতে নতুন প্রযুক্তি এবং মৌলিক ওষুধসমূহ সহজে পেতে পারে এবং যাতে গরীব কৃষকরা বীজ সংরক্ষণ, প্রতিস্থাপন ও বিক্রয় করতে পারে, সেজন্যে ’বুদ্ধিজাত সম্পত্তি’ আইনকে নতুন বিন্যাস করবে।

উন্নয়ন অন্বেষণের সাধারণ সম্পাদক জাকির হোসেন সম্মিলণের দ্বিতীয় দিনে ঢাকা ঘোষণা পাঠ করেন। ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন ভাষা সৈনিক এমদাদ হোসেন। বক্তব্য রাখেন নিজেরা করির খুশী কবির এবং অন্বেষণের রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তারা সরকারের প্রতি আহবান জানান, জাতীয় পর্যায়ে অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা এবং শাসন প্রক্রিয়ার নীতিসমূহ পরিবর্তনের মাধ্যমে দরিদ্র গোষ্ঠী যাতে নিজেদের সম্ভবনা উপলব্ধির পাশাপশি সক্ষমতা বাড়াতে পারে এবং বাজারে অংশ নেয়ার ক্ষেত্রে সাম্য বজায় থাকে।

গণসংহতি সম্মিলন যৌথভাবে আয়োজন করে উন্নয়ন অন্বেষণ, নিজেরা করি, নিশ্চিত কর ন্যায্য বাণিজ্য, ইনসিডিন, সুপ্র, পিএইচএম বাংলাদেশ, বিলস, রূপান্তর, বিলস, একতা ট্রেড ফেয়ার এবং আইন ও সালিশ কেন্দ্র।

ঢাকা ঘোষণায় ধনী দেশের প্রতি উল্লেখ করা হয়, স্বল্পোন্নত দেশসমূহের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি তথা সরবরাহের ক্ষেত্রে বাধা দূর করার জন্যে শর্তমুক্ত তহবিল গঠন এবং বাজার উদারীকরণের ফলে সৃষ্ট ক্ষতি অথাৎ ইরোশন অব প্রেফারেন্স পুষিয়ে নেয়ার জন্যে কার্যকর ব্যবস্থা নেবে।

বিশ্ববাণিজ্য সংস্থা পরিচালনা ব্যবস্থায় অধিক গণতন্ত্রায়নের দাবি জানিয়ে তারা স্বল্পোন্নত দেশগুলোর বাজার উদারীকরণের চাপ বন্ধ করার আহবান জানান।

অন্যায্যতা ও অবিচারের উৎসসমূহ তথা বাজার ব্যবস্থা, সামাজিক কাঠামো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ এবং অপ্রতিসম বিশ্ব ব্যবস্থার বিশ্বায়ন প্রক্রিয়াকে মোকাবেলার প্রতিও ঢাকা ঘোষণায় গুরুত্ব দেওয়া হয়।

গণসংহতি সম্মিলনে গণসংগীত, কারু শিল্প প্রদর্শনী, নাটক, লোক সঙ্গীত, পট গান এবং প্রামাণ্য চিত্র প্রর্দশনির আয়োজন করা হয়।