২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পুরোনো গাড়ির দ্বিতীয় হাট উদ্বোধন

ঢাকার বানিজ্যিক কেন্দ্র মতিঝিলের টি অ্যান্ড টি স্কুল অ্যান্ড কলেজ মাঠে শুক্রবার সকালে উদ্বোধন হলো নতুন আরেকটি মেট্রো কার হাট। এটি ঢাকায় পুরানো ব্যবহৃত গাড়ীর দ্বিতীয় বাজার। এ বাজার প্রতি শুক্রবার সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 04:33 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন  এ কার হাট উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদ্যোক্তা আহবায়ক সিকাদার আব্দুল মোমেন, এফবিসিসিআই সহ-সভাপতি মোহাম্মদ আলী, টি অ্যান্ড টি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, ৩৪ নং ওয়াড কমিশনার মিজা খোকন এবং ৩৩ নং ওয়াড কমিশনার হারুন-উর-রশিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে মীর নাসির বলেন, ঢাকার বানিজ্যিক এলাকার প্রাণ কেন্দ্র মতিঝিলে এ ধরণের গাড়ীর হাটের প্রয়োজন ছিল।

অনুষ্ঠানে ওয়ার্ড কমিশনারদ্বয় নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে আশ্বাস দেন।

আব্দুল মোমেন বলেন, দেশের বৃহত্তম গাড়ির বিপনীকেন্দ্র কাকরাইলের কাছে এ ধরনের গাড়ীর হাট এ এলাকার ব্যবসায়ীসহ সাধারণ ক্রেতাদের বিশেষ সুবিধা দেবে।

তিনি বলেন, ঢাকার অন্য ব্যবহৃত গাড়ির হাট থেকে এখানে এন্ট্রি ফ্রি এবং বিক্রয় কমিশন কম বলে ক্রেতা ও বিক্রেতার উভয়কেই বেশি সুবিধা দেওয়া সম্ভব হবে।

এ হাটে ব্যবহৃত গাড়ির বিক্রেতাকে ১ দশমিক ৫ শতাংশ বিক্রয় কমিশন এবং ১৫০ টাকা এন্ট্রি ফি দিতে হবে।

উদ্যোক্তারা জানালেন হাট থেকে অর্জিত আয়ের একটা অংশ কলেজের উন্নয়ন তহবিলে দেওয়া হবে। এই হাটকে দালাল চক্রের প্রভাবমুক্ত রেখে গাড়ীর কাগজপত্রের নিশ্চয়তা দেওয়া হবে। এবং একই সঙ্গে ব্যাংক ঋণের ব্যবস্থাও রয়েছে বলে হাটের উদ্যোক্তারা জানান।

শুক্রবার প্রথম হাট দিবসে প্রায় ৭ লাখ টাকায় ৩টি গাড়ি বিক্রি হয়েছে। এদিন হাটে ৪০টি ব্যবহৃত গাড়ী উঠে। ২ লাখ থেকে ১০ লাখ টাকার মূল্যমানের গাড়ী পাওয়া যাবে এ হাটে। সংসদভবন সংলগ্ন রাজধাণী হাইস্কুল স্কুল মাঠে এ ধরনের একটি হাট গত পাঁচ বছর ধরে চলছে।