বাজারে শীতকালীন সবজির দাম এখনও চড়া
বাজারে শীতের সবজি আসতে শুরু করেছে দুই সপ্তাহ আগে থেকেই। অথচ দাম কমছে না। শুক্রবার নগরীর কাঁচাবাজারগুলো ঘুরে ক্রেতাদের থেকে এ অভিযোগ পাওয়া গেছে।
বাজারগুলোতে ফুলকপি, বাঁধাকপি, শালগম, পেঁয়াজ ডাটা, মুলা, লাল শাক, পালং শাক, নতুন আলু, সীম, টমেটো, বরবটি ইত্যাদি শীকালীন সবজির সরবরাহ পর্যাপ্ত। তবে দাম গত সপ্তাহের মতোই চড়া।
কাওরানবাজারে কয়েকজন ক্রেতা দাম না কমায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ডিসেম্বরের শুরু হলেও শীতের সবজির চড়া দাম মেনে নেয়া যায় না।
অন্যদিকে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। কাঁচামাল ব্যবসায়ী আবুল কালাম শুক্রবার বিডিনিউজকে বলেন, সরবরাহ অনেক কম। এ কারণে ক্রেতাদের চাহিদা পূরণ করা যাচ্ছে না।
তিনি বলেন, গত অক্টোবরে অপ্রত্যাশিত বন্যার কারণে অনেক চাষীকেই নতুন করে সবজি চাষ করতে হয়েছে। তাছাড়া কুয়াশার কারণেও সবজি চাষ বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি জানান।
শুক্রবার বাজারে মাঝারি ধরনের ফুলকপি ও বাধাকপির ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া প্রতি কেজি সীমের দাম ২৫ থেকে ৩০ টাকা, শালগমের দাম ২৮ থেকে ৩০ টাকা, টমেটো ২২ থেকে ২৪ টাকা, বরবটি ২৮ থেকে ৩২ টাকা এবং মুলা ২০ থেকে ২৪ টাকা। শীতের অন্যতম দুটি শাক পালং শাক ও লাল শাকের ছোট্ট একটি আটির দাম ৫ টাকা এবং নুতন আলু কেজি ২৪ টাকা দরে বিকিয়েছে।
পলাশী বাজারের খুচরা বিক্রেতা ইসমাইল হোসেন বলেন, সরবরাহ বাড়লে সবজির দাম কমে যাবে। তবে এজন্যে আরও ১৫ দিনের মতো সময় লাগবে বলে তিনি জানান।
এদিকে গত সপ্তাহ থেকে বাজারে নতুন চাল আসতে শুরু করলেও চালের দাম এখনও চড়া। খুচরা বিক্রেতা মিন্টু জানান, ব্যাপকভাবে ধান কাটা শুরু হলে চালের দাম কমে যাবে। তবে এজন্যে মাস খানেক সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়াও গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে বেগুন, করল্লা, ঢেঁড়শসহ বেশ কিছু সবজির দাম বেড়েছে।
তবে দেশি এবং বিদেশি উভয় ধরনের পেঁয়াজের দামই গত সপ্তাহের তুলনায় ৩ টাকা কমেছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪৫ টাকা এবং বিদেশি পেয়াজ ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
