বোমা হামলাকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে অবিলম্বে কম্বিং অপারেশন শুরুর আহবানে ব্যবসায়ী নেতৃবৃন্দ
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)সহ বিভিন্ন চেম্বার ও সমিতির নেতৃবৃন্দ বৃহস্পতিবার দেশে ধারাবাহিক বোমা হামলাকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে সকল নিরাপত্তা বাহিনী নিয়ে অবিলম্বে কম্বিং অপারেশন শুরু করার আহবান জানিয়েছে। একই সঙ্গে বোমা হামলার বিরুদ্ধে সকল রাজনৈতিক দলসহ পেশাজীবি ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।
দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের পরিচালনা পরিষদের সঙ্গে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশন নেতাদের যৌথ সভায় এ আহবান জানানো হয়।
জাতীয় পর্যায়ে স্বাধীনতার পর এত বড় সংকট তৈরী হয়নি, উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণাকে কার্যকর করার পাশাপাশি জঙ্গিদের প্রতিরোধে কঠোর আইন প্রণয়ণ করতে হবে।
অন্যদিকে ব্যবসায়ী নেতৃবৃন্দ বোমা হামলাকারীদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে এফবিসিসিআই’র মাধ্যমে চাপ দেওয়ার আহবান জানান। তারা সিভিল সোসাইটি ও পেশাজীবিদের সঙ্গে নিয়ে এক ঘন্টার জন্য রাস্তায় অবস্থান নেওয়ার কর্মসূচী এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও বিরোধীদলের সঙ্গে বৈঠকেরও দাবী তোলেন।
এফবিসিসিআই সভাপতি বিরোধী দলের প্রতি অন্য ইস্যু বাদ দিয়ে বোমা হামলার ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ।
তিনি বলেন, সরকারের দায়িত্ব এদের চিহ্নিত করা ও জাতীয় স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।
সরকারের প্রতি বোমা হামলাকারীদের চিহ্নিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ১৯৯৭ সাল থেকে এদের চিহ্নিত করা যায়নি, যা জাতির জন্য লজ্জাজনক।
এফবিসিসিআই সহ-সভাপতি মোহাম্মদ আলী বলেন, জঙ্গিবাদের উৎস ও উত্থান নিয়ে আলোচনা হয় না।
তিনি ব্যবসায়ীদের ভয় ভীতি উপেক্ষা না করে সত্য কথা বলার আহবান জানান।
বেশ কিছু ব্যবসায়ী নেতা প্রশ্ন করেন, তিন মাস আগে পুলিশ আইজিপি প্রায় ২০০০ জঙ্গিদের চিহ্নিত করলেও আজও কেন তাদের ধরা হয়নি। বাংলা ভাইয়ের প্রধান সহকর্মীকে র্যাব ধরে ছেড়ে দেয় কেন।
ব্যবসায়ী নেতারা নিজেদের প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
শ্রীলংকায় আত্মঘাতি ও গেরিলা যুদ্ধের উল্লেখ করে বিজিএমইএ নেতা অরুণ বলেন, এ কারণে শ্রীলংকায় পোশাক শিল্প দাঁড়ায়নি।
ঢাকা চেম্বার সভাপতি সাইফুল ইসলাম বলেন, এই বোমা হামলাকে রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোন থেকে দেখা দরকার। তিনি বলেন, যারা আত্মঘাতি বোমা হামলাকারী, তারা অনৈসলামিক কার্যকলাপে জড়িত। এ ব্যাপারে আমাদের অবস্থান তুলে ধরা দরকার।
তিনি বলেন, আমাদের স্ব স্ব অবস্থানে থেকে জনগনকে সচেতন ও সর্তক করা উচিত।
ওষুধ শিল্প সমিতি সভাপতি শফিউজ্জামান চৌধুরী বলেন, ধারাবাহিক বোমা হামলার কারণে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। ফ্রোজেন ফুড সমিতির সহ সভাপতি তৌহিদুর রহমান বলেন, বোমা হামলার মাধ্যমে কারা, কীভাবে লাভবান হচ্ছে, জাতি তা জানতে চায়। সরকার এদের কীভাবে প্রতিরোধ করছে, তা ও স্বচ্ছ নয়।
এছাড়া বিকেএমইএ সহ সভাপতি হাবিবুর রহমান, এফবিসিসিআই পরিচালক আবুল কাশেম, কামরান চৌধুরী, হাবিবুর রহমান এবং বিভিন্ন ব্যবসায়ী নেতা সভায় বক্তব্য রাখেন।
