২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে বছর চালু হচ্ছে ই-পুলিশ

ই-গভর্নেন্সের অংশ হিসেবে সরকার ২০০৬ সাল থেকে দেশে ই-পুলিশ (ইলেক্ট্রনিক পুলিশ) ব্যবস্থা চালু করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 04:11 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বাংলাদেশ--চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার ‘ই-গভর্নেন্স বাস্তবায়ন: সর্বোৎকৃষ্ট পন্থা’ শীর্ষক এক সেমিনারে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন আইসিটি সাপোর্ট টাস্কফোর্সের প্রকল্প পরিচালক এসএএসএম তাইফুর একথা জানান।

তিনি বলেন, সরকার ইতোমধ্যেই বেশ কিছু ই-গভর্নেন্স প্রকল্প বাস্তবায়ন করেছে এবং ই-পুলিশসহ অন্যান্য বৃহৎ প্রকল্প আগামী বছরের শেষ নাগাদ বাস্তবায়ন করা হবে। সফটএক্সপো-২০০৫ উপলক্ষে বেসিস আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন শ্রীলংকার আইসিটি এজেন্সির প্রোগাম প্রধান (জনসংযোগ/মিডিয়া) আফুলা পুষ্পকুমারা।

বেসিসের সভাপতি সারোয়ার আলমের সভাপতিত্বে সেমিনারের অন্যান্যের মধ্যে অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এএনইউ) আহমেদ ইমরান বক্তব্য রাখেন।

তাইফুর বলেন, অনলাইন পাবলিক ইউটিলিটি সার্ভিস এবং ইন্টারনাল প্রসেস অটোমেশন নিয়ে কাজ করার ক্ষেত্র নির্ধারণে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন আইসিটি সাপোর্ট টাস্কফোর্ট বতর্মানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাথে কাজ করে যাচ্ছে।

এছাড়াও সরকার পিএসসির অধীনে আইসিটি ক্যাডার পদ চালু করার কথাও ভাবছে বলে তিনি জানান।

পাশপাশি তিনি বলেন, আইসিটি নীতিমালা থাকলেও তা বাস্তবায়নে যথাযথ কোনও কর্মপরিকল্পনা সরকারের নেই।

আফুলা পুষ্পকুমারা বলেন, ই--গভর্নেন্স সফল করার জন্যে প্রশাসনিক সংস্কার ও পুনর্গঠন অপরিহার্য। প্রশাসনিক সংস্কার ছাড়া ই-গভর্নেন্স বাস্তবায়নে সফলতা আসবে না।

সারোয়ার আলম বলেন, ই--গভর্নেন্স নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আবার সন্তোষ প্রকাশ করারও কিছু নেই। তবে এ বিষয়ে আমরা সন্তোষ প্রকাশ করতে পারি, ই--গভর্নেন্স ছাড়া ভালো কিছু করা সম্ভব নয় আমরা অন্তত এ সিদ্ধান্তে পৌঁছতে পেরেছি।