গার্মেন্টসে ‘হয়রানি বন্ধ’ নিশ্চিত করতে বিজিএমইএ’র অঙ্গীকার
মিরপুরের পল্লবীতে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর প্রেক্ষিতে কারখানায় ‘হয়রানি বন্ধ’ নিশ্চিত করতে যেকোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে অভিযান শুরু করেছে বিজিএমইএ।
বিজিএমইএ সভাপতি টিপু মুন্সী শনিবার বিডিনিউজকে বলেন, কোনও কারখানায় শ্রমিকদের কোনও ধরনের হয়রানি সহ্য করবে না বিজিএমইএ। শ্রমিকরা যাতে কোনও ধরনের হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো।
প্রসঙ্গত পল্লবীর টাইটানিক গার্মেন্টসে সিনিয়র কর্মকর্তাদের নির্যাতনে শুক্রবার ভোরে পান্না (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।
টিপু মুন্সী বলেন, আমরা কোনও কারখানার মালিকের বিরুদ্ধে যদি প্রচলিত নীতিমালা লংঘন এবং শ্রমিকদের হয়রানি করার প্রমাণ পাই, তবে বিজিএমইএ থেকে তাদের সদস্যপদ প্রত্যাহার করা হবে।
তিনি বলেন, পান্নার নিহত হওয়ার ঘটনা তদন্তে তিন দিনের মধ্যে বিজিএমইএর পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এ ধরনের হয়রানি প্রতিরোধে একটি মনিটরিং সেল গঠন করা হবে বলে তিনি জানান।
পান্নার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বিজিএমইএ সভাপতি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, এ ঘটনায় কারখানার মালিকের কোনও হাত ছিলো না।
