২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দিয়েছে তুরস্ক

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন বলে তুরস্ক মনে করে। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ফেরিট এরগিন শনিবার এ কথা বলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

তিনি বলেন, দ্বিপাক্ষীয় বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের আগ্রহের কারণে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) মিলায়তনে শনিবার সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ভৌগলিক অবস্থানের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ কারণে সার্ক শীর্ষ সম্মেলনের পরপরই এ অঞ্চলে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে তুরস্ক সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হয়।

সিসিসিআই সভাপতি তার স্বাগত ভাষণে তুরস্কের বিনিয়োগকারীদের এদেশে বস্ত্র, ইস্পাত, চামড়া ও চামড়াজাত পণ্য খাতে বিনিয়োগের ব্যাপারে আহ্বান জানান।

চট্টগ্রামে নিযুক্ত তুরস্কের অনারারি কন্সাল জেনারেল সালাউদ্দিন কাশেম খান এবং সিসিসিআই নেতৃবৃন্দ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।