২০০৫-০৬, ২০০৬-০৭ অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকবে ৫ দশমিক ৫: ইআইইউ
বিশ্ব বাজারে তেলের মূল্যবৃদ্ধি, মার্কিন ডলারের মূল্যপতন এবং বিশ্বজুড়ে বার্ড ফ্লু ছড়িয়ে পড়া সত্ত্বেও ২০০৫--০৬ এবং ২০০৬--০৭ অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ এর কাছাকাছি রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এক সমীক্ষায় একথা উল্লেখ করা হয়।
সমীক্ষায় কৃষি খাতে প্রবৃদ্ধি বাড়ানোর মাধ্যমে ২০০৫-০৬ এবং ২০০৬-০৭ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধি যথাক্রমে ৫ দশমিক ৩ শতাংশ ও ৫ দশমিক ৪ শতাংশ বজায় রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।
এতে বলা হয়, কৃষি খাতের উন্নতির মাধ্যমে এ সময়ে স্থানীয় চাহিদার স্থিতি অবস্থা বজায় রাখা হবে।
তবে কৃষি খাতের প্রবৃদ্ধি বাড়ানোর ব্যাপারে এখনও অনিশ্চয়তা রয়েছে। কেননা প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে এ সময়ে কৃষি খাত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া য়ায় না। এ ধরনের পরিস্থিতি হলে মানুষের প্রকৃত আয় কমে যাবে এবং ভোক্তা চাহিদা বেড়ে যাবে।
ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এ সমীক্ষায় বলা হয়, ভারতীয় বৃহৎ কোম্পানি টাটার আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগ ছাড়াও বিদেশী সরাসরি বিনিয়োগের ব্যাপারে অধিক গুরুত্ব দিতে হবে। কেননা বিদেশী বিনিয়োগ প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এতে বিশ্ব বাজারে তেলের অব্যাহত মূল্যবৃদ্ধিসহ বিশ্ব অর্থনীতিতে খারাপ প্রভাব সংক্রান্ত আরও অনেক হুমকির কথা উল্লেখ করা হয়। আমদানি করা তেলের উপর বাংলাদেশের নির্ভরশীলতার কারণে বাণিজ্য ভারসম্যহীনতা সৃষ্টি হতে পারে এবং টাকার উপর চাপ বাড়তে পারে বলে এতে সতর্ক করে দেওয়া হয়।
সমীক্ষায় উল্লেখ করা হয়, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং ঋণের বোঝা বাড়ার আশংকায় বাংলাদেশ ব্যাংক ২০০৬ সালে তার আর্থিক নীতিমালা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঠিক রাখতে বেসরকারি খাতে পর্যাপ্ত তারল্য বজায় রাখতে গিয়ে বাংলাদেশ ব্যাংক আগেই সতর্ক অবস্থান নিতে পারে বলেও এতে উল্লেখ করা হয়।
২০০৫ সালে কেন্দ্রীয় ব্যাংকের ডিসকাউন্ট হার ৫ শতাংশ থাকলেও ২০০৬ সালে তা ৬ শতাংশে উন্নীত হবে বলে এতে আশা প্রকাশ করা হয়। ২০০৫ সালে অর্থ সরবরাহের প্রবৃদ্ধি (এম২) ১৫ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে ২০০৬-০৭ অর্থবছরে তা কমিয়ে ১৩ দশমিক ৩ শতাংশে নিয়ে আসা হবে।
আসন্ন ২০০৭ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে সরকার অর্থবছরের নীতিমালা খুব একটা পরিবর্তন করবে না বলে আশা করা হয়।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে ইআইইউ জানায়, আসন্ন নির্বাচনের পূর্বে দেশে হরতাল, ধর্মঘট বৃদ্ধি পেতে পারে এবং এর ফলে মানুষের জীবনযাত্রা ব্যাহত হবে এবং ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল আওয়ামী লীগের মধ্যকার দ্বন্দ্ব আরও স্থায়ীরূপ নেবে। তবে বাংলাদেশী জনগণের সরকার বিরোধী মনোভাব আগামী নির্বাচনে বিরোধী দলকে এগিয়ে রাখতে পারে বলে এতে মন্তব্য করা হয়।
সমীক্ষায় বলা হয়, গত দুই বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর আক্রমনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। তবে সম্প্রতি দেশজুড়ে নিষিদ্ধ ষোষিত সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলার কারণে সকলের দৃষ্টি এখন সেদিকেই চলে গেছে।
