বিআইএফটি উন্নয়নে সহযোগিতা দেবে সরকার: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার বিজিএমইএ’র ফ্যাশন ও টেকনিক্যাল ইনস্টিটিউটের উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা প্রদানে সম্মতি জানিয়েছেন।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সাথে এক বৈঠকের পর বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি টিপু বিশ্বাস সাংবাদিকদের বলেন, মন্ত্রী বিজিএমইএ’র ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিআইএফটি) উন্নয়ন সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাব জমা দিতে বলেছেন।
তিনি বলেন, আন্তর্জাতিক মানের একটি বিআইএফটি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সরকারের কাছে পাঁচ কোটি টাকা চাইব।
এছাড়া তাদের সব সমস্যার ব্যাপারে সরকার সাধ্যমতো সহযোগিতা করবে বলেও মন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।
বিজিএমইএ মঙ্গলবার সরকারের বিবেচনার জন্য অর্থমন্ত্রীর কাছে নয় দফা প্রস্তাব পেশ করে। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, বেনাপোল বন্দর দিয়ে সুতা আমদানি, সকল ধরনের বস্ত্রের জন্য কর অবকাশ আরও বাড়ানো, উৎস কর আইন সংশোধন, রুগ্ন শিল্প পুনর্বাসন প্রভৃতি।
এদিকে নব নির্বাচিত বিজিএমইএ সদস্যদের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, তাদের সাথে চমৎকার গঠনমূলক আলোচনা হয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, আমি তাদের সকল দাবি বিবেচনা করা হবে বলে কথা দিয়েছি, কিন্তু তা নির্ভর করছে সরকারের সাধ্যের ওপর।
বেনাপোল বন্দর দিয়ে সুতা আমদানির অনুমতি দেওয়ার আগে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে মন্ত্রী জানান।
এছাড়া মন্ত্রী বাণিজ্য জোরদারের লক্ষ্যে পুরোনো আইন ও আমলাতান্ত্রিক ব্যবস্থার সংশোধনের ওপরও গুরুত্ব আরোপ করেন।
