২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্রগ্রাম ও গাজীপুরের বোমা হামলায় এফবিসিসিআই এবং বিজিএমইএ’র নিন্দা

চট্রগ্রাম ও গাজীপুরের নৃশংশ বোমা হামলায় হতাহতের ঘটনায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এবং বাংলাদেশ তৈরি পোষাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নেতৃবৃন্দ তীব্র নিন্দা প্রকাশ করেছেন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 07:08 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন স্থানে ক্রমাগত ভয়াবহ জঙ্গি হামলা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। ফলে দেশি-বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

বিজিএমইএ সভাপতি টিপু মুন্সী তার তাৎক্ষণিক মন্তব্যে বলেন, এ ধরনের ঘটনা বিদেশে আমাদের ইমেজের ওপর নেতিবাচক প্রভাব রাখবে। ফলে সামগ্রিক রপ্তানিতে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি করবে।

তিনি বলেন, কোটামুক্ত সময়ে পোষাক শিল্পে এমনিতে নেতিবাচক পরিস্থিতি বিরাজমান। এ সংকট থেকে উত্তরণের আগে এ ধরনের ঘটনা আন্তজার্তিক প্রেক্ষাপটে পোষাক রপ্তানিসহ সামগ্রিক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে।

ব্যবসায়িক নেতৃবৃন্দ বিশেষভাবে মনে করেন দেশের ব্যবসা বানিজ্যের স্বার্থে, জনগণের কল্যাণ এবং গণতন্ত্র সংহত করতে এ ধরনের জঘন্য নাশকতামূলক তৎপরতা রোধে সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে এগিয়ে আসার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি উদাত্ত আহবান জানান। একই সঙ্গে নিহত-আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদানের দাবী জানান তারা।

তারা আরো বলেন, হামলা ও তার পরবর্তী ঘটনায় দেশের ব্যবসায়িক কর্মকান্ডও ব্যাপকভাবে বাধাগ্রস্ত হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে, যা জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় একটি বড় বাধা।

এদিকে চট্্রগ্রাম চেম্বার্স অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি সাইফুজ্জামান চৌধুরী এক বিবৃতিতে এই নৃশংশ বোমা হামলায় নিন্দা জানিয়েছেন।