২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর গ্যাস সরবরাহ বন্ধে নাইকোকে আবারো সতর্ক করে দেওয়া হয়েছে

ফেনী থেকে গ্যাস সরবরাহ বন্ধ না করতে পেট্রোবাংলা নাইকোকে আবারো সর্তক করে দিয়েছে। নাইকোর চিঠির জবাবে পেট্রোবাংলার পক্ষ থেকে সোমবার জানানো হয়, এ লক্ষ্যে কর্মরত কমিটি অচিরেই সিদ্ধান্ত নেবে। কিন্তু  দাম নির্ধারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কখন হবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

সকালে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সাথে বৈঠকে শেষে বিকেলে পেট্রোবাংলা নাইকোকে নতুন সতর্ক বার্তা পাঠায়।

মঙ্গলবার বিকেল ৪টার আগে দাম নির্ধারণ, নইলে গ্যাস সরবরাহ বন্ধ -- নাইকোর এ আল্টিমেটাম সম্পর্কে প্রতিক্রিয়ায় বলা হয়েছে, সরবরাহ বন্ধ করে দেওয়ার কোনও অধিকার নাইকোর নেই।

সভায় অবশ্য টেংরাটিলা গ্যাস ক্ষেত্র উন্নয়নে নাইকোকে অনুমতি দেওয়ার প্রশ্নে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এর আগে পেট্রোবাংলা টেংরাটিলায় দু’ টি দুর্ঘটনার ক্ষতিপূরণের দাবি ধরিয়ে দিতে চায় নাইকোকে। অবশ্য আইন মন্ত্রণালয় এখনো ক্ষতিপূরণের দাবি প্রশ্নে তাদের মতামত প্রদান করেনি।

জ্বালানি মন্ত্রণালয়ের ক্ষতিপূরণ দাবিতে পরিবেশের জন্যে ৮৪ কোটি টাকা এবং পুড়ে যাওয়া গ্যাসের পরিমাণ ৫৪ বিলিয়ন ঘনফুট ধরা হয়েছে। অবশ্য তদন্ত কমিটি তার প্রতিবেদনে বলেছিল, দু’বারের দুর্ঘটনায় তিন বিসিএফ গ্যাস পুড়ে গেছে।

এ প্রেক্ষাপটে নাইকোর নির্বাহী চেয়ারম্যান এডওয়ার্ড এস স্যাম্পসন মঙ্গলবার জ্বালানি উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছেন। জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সভায় ফেনী এবং টেংরাটিলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

ওই সূত্র আরো দাবি করে, সরকার ক্ষতিপূরণের প্রশ্নে নাইকোর একটি নীতিগত সম্মতি পেলে তাদের উন্নয়ন পরিকল্পনা অনুমোদন করবে।

সম্প্রতি বিডিনিউজকে এডওয়ার্ড এস স্যাম্পসন বলেন, বাপেক্সের সাথে তাদের যে জেভিএ আছে, সেটি অনুসরণ করে তারা সবকিছু করতে রাজি। ইতোমধ্যে গত জানুয়াররি এবং জুনের দুর্ঘটনার জন্যে স্থানীয় জনগণের যে ক্ষতি হয়েছে, তার সমুদয় অর্থ প্রদান করা হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার বিষয়টি দুর্ভাগ্যজনক, কিন্তু এটি এই শিল্পের স্বাভাবিক ঘটনা। বছরে তেল গ্যাস অনুসন্ধান করতে গিয়ে বিশ্বে প্রায় ৩০০ দুর্ঘটনা ঘটছে। কিন্তু কোথাও পুড়ে যাওয়া তেল বা গ্যাসের ক্ষতিপুরণ দেওয়ার বিধান নেই। তিনি বলেন, টেংরাটিলায় দুর্ঘটনার কারণে যে গ্যাস পুড়ে গেছে, তাতে নাইকো নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছে।