পিআরএসপি বাস্তবায়নে দাতাদের সাহায্য বাড়াতে সাইফুর রহমানের আহ্বান
দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) বাস্তবায়নে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান রোববার বর্ধিত সাহায্য প্রদানের জন্যে দাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত ‘পিআরএসপি বাস্তবায়ন: সুশীল সমাজের দৃষ্টিতে অগ্রাধিকার ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এক আলোচনায় মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, প্যারিস ঘোষণা অনুযায়ী দাতাদের উচিত অর্থ বরাদ্দ দেওয়া।
সিপিডি ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক অর্থ মন্ত্রী এম সাইদুজ্জামানের সভাপতিত্বে এ আলোচনা সভায় দাতা সংস্থার প্রতিনিধি, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, রাজনীতিক, আমলা এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।
