দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের রোডম্যাপ তৈরি করতে যাচ্ছে ফ্রান্স
ফ্রান্সের নীতি নির্ধারক ও ব্যবসায়ীরা বলেছেন, তাদের ভবিষ্যত ব্যবসায়িক পরিকল্পনা হিসেবে তারা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশসমূহে বিনিয়োগে একটি সমন্বিত কর্মসূচি তৈরি করতে আগ্রহী।
ফ্রান্স দিবস ২০০৫ উদযাপন উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তারা একথা বলেন।
দক্ষিণ এশিয়া অঞ্চলে ফ্রান্সের প্রধান ট্রেড কমিশনার জ্যা লিভিওল বলেন, আমরা দক্ষিণ এশিয়ার জন্যে একটি সমন্বিত ব্যবসায়িক পরিকল্পনা ঠিক করতে এখানে এসেছি।
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্র্রদূত জ্যাক আঁদ্রে কস্তিলাস বলেন, ট্রেড কমিশনার এবং এ অঞ্চলে ফ্রান্সের যে সকল ব্যবসায়ি রয়েছেন তাদের মধ্যে আমরা আন্তঃসম্পর্ক স্থাপন করতে চাই।
ফ্রান্স দিবস ২০০৫ এর অংশ হিসেবে আফগানিস্তান, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের ১২ জন ট্রেড কমিশনার এবং ফ্রান্সের ব্যবসায়ী ও অর্থনীতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের সমন্বিত কৌশল বের করতে ঢাকায় মিলিত হন। ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় ফ্রান্স দিবস উদযাপিত হচ্ছে।
ঢাকায় অবস্থিত ফ্রান্স ট্রেড কমিশন এবং ফ্রান্স-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ায় ফ্রান্সের বিজনেস কাউন্সিলের সভাপতি মার্ক ফিলিপ, বাংলাদেশে ফ্রান্সের ট্রেড কমিশনার ডোমিনিক সিমন ও ফ্রান্স-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ড. কাইয়ুম খান।
বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে ফ্রান্সের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক সম্প্রদায় সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, তারা বাংলাদেশের টেলিযোগাযোগ, জ্বালানি, পানি, পরিবহন ও কৃষি খাতে বিনিয়োগের চিন্তা করছেন।
২০০২ সাল থেকে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বাণিজ্য ধীরে ধীরে বাড়ছে। ২০০২ ও ২০০৩ সালে দুদেশের বাণিজ্যের পরিমাণ ছিল ৬০০ মিলিয়ন ইউরো। ২০০৪ সালে ১৫ শতাংশ বেড়ে এর পরিমাণ দাঁড়ায় ৬৯০ মিলিয়ন ইউরো।
২০০৪ সালে বাংলাদেশ ফ্রান্সে ৬২০ মিলিয়ন ইউরো মূল্যের পণ্য রপ্তানি করে। সে বছর বাংলাদেশী পণ্যের চতুর্থ শীর্ষ ক্রেতা ছিল ফ্রান্স।
