‘এ’ লেভেল কোর্স চালু করছে বিমস
দেশে প্রথমবারের মতো ফলিত বিষয়ে জিসিই ‘এ’ লেভেল সার্টিফিকেট কোর্স চালু করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ (বিমস)।
এ উপলক্ষে ঢাকা শেরাটন হোটেলে শনিবার এডেক্সেল ইন্টারন্যাশনাল ও বিমস’র মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এ সময় এডেক্সেল ইন্টারন্যশনালের অ্যাকাডেমিক সার্ভিসের ম্যানেজার ড. ডেভিড ডেভিস বলেন, কর্মরত শিক্ষার্থীদের জন্যে এ কোর্সটি অধিক সুবিধাজনক।
তিনি বলেন, এডেক্সেল সম্প্রতি এ কোর্স চালু করেছে এবং যে ১১১ টি দেশে এর লিয়াজো অফিস রয়েছে সেসব দেশেও ধীরে ধীরে এ কোর্সটি চালু করা হবে।
বিমস চালু করা ‘এ’ লেভেল কোর্সগুলোর মধ্যে বিজনেস স্টাডিজ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) ও ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অন্যতম। বাংলাদেশে এডেক্সেল অনুমোদিত প্রতিষ্ঠান হচ্ছে বিমস।
এডেক্সেলের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার মির্জা তাহের বলেন, এ কোর্সটি সম্পন্ন করার পর ছাত্ররা কোনও রকম হয়রানি ছাড়াই দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলোতে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ এমপি, বিমস’র প্রোগ্রাম পরিচালক সামিউর রশিদ ও এডেক্সেলের কান্ট্রি ম্যানেজার সাইদুর রহমান ।
বিমস সূত্র জানায়, বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ১০ হাজার শিক্ষার্থী ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পর্যায়ে লন্ডনের জিসিই কোয়ালিফিকেশনের জন্য রেজিস্ট্রেশন করে থাকে।
