বাজারে আসছে স্থানীয় সফটওয়ার পণ্যের প্রথম ক্যাটালগ
স্থানীয় সফটওয়ার বাজারকে আরও শক্তিশালী করতে বাণিজ্যিকভিত্তিতে ব্যবহারকারীদের জন্য প্রকাশিত হতে যাচ্ছে স্থানীয় সফটওয়ার সলিউশন তথ্যসম্বলিত সফটওয়ার পণ্যের প্রথম ক্যাটালগ।
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য ব্যাসিস সফটএক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে এটি উন্মুক্ত করা হবে। সাউথ এশিয়ান এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি’র (এসইডিএফ) সহায়তায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (ব্যাসিস) এটি প্রকাশ করে।
ক্যাটালগ গবেষণা দলের একজন কর্মকর্তা মনজুরুর রহমান বিডিনিউজকে বলেন, সফটওয়ার সলিউশনের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দেশে বহু মানসম্পন্ন স্থানীয় সফটওয়ার থাকা সত্ত্বেও যথাযথ তথ্য বিনিময়ের অভাবে ক্রেতারা প্রায়ই সঠিক পণ্যটি কিনতে পারছেন না। তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিশ্ব বাজারে প্রবেশের পাশাপাশি প্রথমে স্থানীয় সফটওয়ার বাজার নিয়ন্ত্রণ করতে হবে।
দেশে এটিই প্রথম স্থানীয় সফটওয়্যার পণ্যের ক্যাটালগ। এতে মোট ১৫১ টি স্থানীয় সফটওয়্যার পণ্য ও সফটওয়্যার সলিউশনের তথ্য রয়েছে। স্থানীয় ৮৮ টি সফটওয়্যার কোম্পানি এসবের উৎপাদক। ক্যাটালগে ১৭ টি ক্যাটাগরিতে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে।
