প্রধান বিরোধী দল ছাড়াই আজ রোববার সংসদ অধিবেশন শুরু হচ্ছে
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সংসদ বয়কটের সিদ্ধান্তে অনড় থাকায় রোববার থেকে বিরোধী দলকে ছাড়াই সংসদ অধিবেশন শুরু হচ্ছে।
বিকেল ৪টায় অধিবেশন শুরুর আগে সাড়ে ৩টায় কার্য-উপদেষ্টা কমিটি বৈঠকে বসবে। বৈঠকে অধিবেশনের স্থায়ীত্ব এবং কার্যক্রম নির্ধারণ করা হবে। তবে অধিবেশনের মেয়াদ মাত্র ছয়দিন হতে পারে বলে জানা গেছে।
সংসদের আসন্ন অধিবেশনের আলোচনায় সদ্যসমাপ্ত সার্ক সম্মেলন, বোমা হামলায় ঝালকাঠিতে দুজন বিচারক এবং ফরিদপুরে সাংবাদিক নিহত হওয়ার প্রেক্ষিতে দেশের নিরাপত্তা পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ও উত্তরাঞ্চলের মঙ্গা পরিস্থিতি প্রধান্য পেতে পারে।
সংসদের অনুমোদনের জন্যে প্রায় ১০টি বিল উত্থাপন করা হতে পারে এ অধিবেশনে। এগুলো হচ্ছে, ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান (সংশোধন) বিল, মধ্যস্থতার উপায় বিষয়ক (সংশোধন) বিল, ফিল্ম সেন্সরশিপ, মাদক নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ভবন নির্মাণ (সংশোধন) বিল, বিদ্যুৎ (সংশোধন) বিল, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য (চাকরির চুক্তি ও শর্ত) বিল, দেওয়ানি মামলার নীতিমালা (সংশোধন) বিল, ২০০৫।
আসন্ন অধিবেশনে আলোচনার জন্যে ৬২ বিধিতে বেশ কিছু স্পর্শকাতর বিষয়ে প্রায় ২৪টি মুলতবি প্রস্তাব উত্থাপন করা হবে।
গুরুত্বপূর্ণ এ বিষয়গুলো হচ্ছে, ২১ আগস্টের গ্রেনেড হামলা, ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা, ঝালকাঠিতে দু'জন বিচারক নিহত হওয়ার ঘটনা, ইসলামী উগ্রবাদীদের উত্থান, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি।
আওয়ামী লীগ সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস ও শাহাজাহান খান এবং জাতীয় পার্টির জিএম কাদের, মশিউর রহমান রাঙ্গা ও গোলাম হাবিব দুলাল মুলতবি প্রস্তাবগুলো উত্থাপন করেন।
শুক্রবার পর্যন্ত ৭১ নম্বর রুলের আওতায় মোট ২৯টি দৃষ্টি আকর্ষণী নোটিশ উত্থাপন করা হয়েছে। প্রশ্নোত্তর পর্বের জন্যে সরকারি দল ও বিরোধী দল জাতীয় পার্টি ৬৭২টির বেশি প্রশ্ন পেশ করেছে। এছাড়াও প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্যে আরো ৪৯টি প্রশ্ন পেশ করা হয়েছে।
সংসদের ১৮তম সংক্ষিপ্ত অধিবেশন শেষ হয় ২১ সেপ্টেম্বর। এ অধিবেশনের স্থায়ীত্বকাল ছিল নয় দিন।
সংসদে যোগ দেওয়ার জন্যে ক্ষমতাসীন বিএনপি ও স্পিকারের পক্ষ থেকে যে আবেদন জানানো হয়, প্রধান বিরোধী দল আওয়ামী লীগ তা প্রত্যাখ্যান করে সংসদ বর্জনের সিদ্ধান্তে অটল রয়েছে।
এদিকে আর ১৮ দিন সংসদে অনুপস্থিত থাকলে আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার আসনটি শূন্য হয়ে যাবে। গত বছর থেকে আওয়ামী লীগ সংসদ বর্জন করে চলেছে। এর অংশ হিসেবে শেখ হাসিনা গত সেশন পর্যন্ত পরপর ৭২ কর্ম দিবস সংসদে অনুপস্থিত ছিলেন।
সংবিধানের নিয়ম অনুযায়ী, কোনও সাংসদ পরপর ৯০ কর্ম দিবস সংসদ অধিবেশনে যোগ না দিলে তার পদটি শূন্য হয়ে যাবে।
চলতি অষ্টম সংসদের ১৮টি অধিবেশনের মোট ২৯৭ কর্ম দিবসের মধ্যে আওয়ামী লীগ মাত্র ৮৭ দিন সংসদে উপস্থিত ছিল।
