২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজা শেষ হওয়ার পরও বাজারে মাংসের দাম চড়া

রমজান ও ঈদ শেষ হওয়ার পরও বাজারে মাংসের দাম কমেনি। চড়া দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। ঈদের পর দেশি মুরগির দাম বেড়েছে আরও এক দফা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

তবে শীত এসে যাওয়ায় রাজধানীর বাইরে থেকে সরবরাহ বেড়ে যাওয়ায় নগরীর কাঁচা বাজারগুলোতে শাকসবজির দাম কিছুটা কমছে।

ঢাকার বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, মাংসের দাম কমার কোনও লক্ষণ নেই। ঈদের আগে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়ে গরুর মাংস ১৩০ টাকা এবং খাসির মাংসের দাম ২০০ টাকা নির্ধারিত হয়েছিলো যা এখনো বলবৎ রয়েছে।

বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, শীত আগমনে বিভিন্ন ধরনের শাকসবজির সরবরাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে স্বাভাবিকভাবে কাঁচামালের দাম হ্রাস পাচ্ছে। এছাড়াও সার্ক সম্মেলনের কারণে সরবরাহে কিছুটা বিঘ্ন হলেও তা শেষ হওয়ার পর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় শাকসবজির দাম কমছে। তবে অন্য বছরের এই সময়ে তুলনায় এখনও কাঁচামালের দাম বেশি।

বাজারে করল্লা, শিম, ঢেঁড়শ, বেগুন ও বিভিন্ন ধরনের শাকের দাম কেজি প্রতি ২ থেকে ৫ টাকা কমেছে। কেজি প্রতি করল্লা তিন টাকা কমে ২০ টাকায়, শিম দুই-তিন টাকা কমে ২৪ টাকায় এবং বেগুন পাঁচ টাকা কমে ১৮ টাকায় বিক্রি হচ্ছে। তবে টমটোর দাম শুক্রবার কেজি প্রতি দুই টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ টাকা।

অন্যদিকে আলুর দাম গত দুই সপ্তাহ ধরে উচ্চমূল্য থাকার পর শুক্রবার আলুর দাম বিশেষ করে পাইকারি বাজারে হ্রাস পেতে শুরু করেছে। এ সপ্তাহে আলুর দাম কেজি প্রতি ১০ টাকা।

এদিকে গত ক’মাস ধরে পেয়াজের দাম ক্রমাগত বাড়ার পর এ সপ্তাহে পেঁয়াজের দাম কমেছে। বিদেশি পেয়াজের দাম কেজি প্রতি চার টাকা এবং দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি দুই টাকা কমেছে। শুক্রবার বাজারে বিদেশি ও দেশি পেঁয়াজ কেজি প্রতি ৪০ টাকা ও ৪৮ টাকায় বিক্রি হয়েছে।

কাওরানবাজারে পেঁয়াজ ব্যবসায়ী আলী হোসেন বলেন, বিদেশি পেঁয়াজের আমদানি বাড়ায় বাজারের বিদেশি ও দেশি উভয় পেয়াজের দাম কমেছে।

তবে আদার দাম কিছুটা কমলেও রসুনের দাম একই রকম রয়েছে। শুক্রবার কেজি প্রতি আদার দাম ৫০ টাকা এবং রসুনের দাম ছিল ৪৮ টাকা।

তবে ঈদের পর বেশ কিছু কোম্পানি শিশুখাদ্য বিভিন্ন প্রক্রিয়াজাত ভোগ্যপণ্যসহ কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়িয়েছে।