চারটি আন্তর্জাতিক রুটে বিমানের ফ্লাইট পরিচালনা বন্ধের সুপারিশ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর রুট পুনর্গঠন কমিটি নিউইয়র্কসহ বিদেশে চারটি রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছে।
আভ্যন্তরীণ রুটে শুধুমাত্র সিলেটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখতে বলেছে এই কমিটি। সম্প্রতি গঠিত এই কমিটিকে এয়ারলাইন্সের লোকসান দেওয়া রুটগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই কমিটি লাভজনক কয়েকটি রুটে ফ্লাইট বাড়ানোসহ আরও বেশি কিছু সুপারিশ প্রদান করেছে।
বিমান-এর সবচাইতে বড় লোকসান দেয় ঢাকা-নিউইয়র্ক রুট। এই রুটে যাওয়া-আসার একটি ফ্লাইট পরিচালনায় আগে ব্যয় হতো ৪০ লাখ টাকা। তেলের দাম বেড়ে যাওয়ার পর এখন ব্যয় দাঁড়িয়েছে ৬২ লাখ টাকা। এই রুটে বিমান সপ্তাহে এখন দু’টি ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক যে রুটগুলো বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয়েছে সেগুলি হচ্ছে: ঢাকা-ফ্রাঙ্কফূর্ট, ঢাকা-প্যারিস ও ঢাকা-মায়ানমার। এছাড়া ঢাকা থেকে ব্যাংকক হয়ে যে ফ্লাইটটি সিঙ্গাপুর যেত সেটিও বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। প্রতিটি ট্রিপে এই ফ্লাইটটি পরিচালনায় লোকসান হতো প্রায় ২৫ লাখ টাকা।
কমিটি মধ্যপ্রাচ্যের লাভজনক রুটগুলিতে পয়েন্ট টু পয়েন্ট ফ্লাইট চালুর সুপারিশ করেছে। এই প্রস্তাব অনুযায়ী ঢাকা-জেদ্দা বা ঢাকা-রিয়াদ রুটে বিমান সরাসরি ফিরতি ফ্লাইট চালু করতে পারবে।
এছাড়া ঢাকা-লন্ডন রুটে বর্তমান সাপ্তাহিক ফ্লাইট ৬টি থেকে বাড়িয়ে ৭টি করার কথা বলা হয়েছে। এই ফ্লাইটগুলোর একটি ইটালীতেও যাবে। লন্ডন ফ্লাইটগুলো যাতে নিউইয়র্ক সংযোগ প্রদান করে সে ব্যবস্থা বিমান করবে অন্য পার্টনার এয়ারলাইন্সের সঙ্গে।
সিঙ্গাপুর রুটে এয়ারবাস-এর পরিবর্তে সুপরিসর ডিসি-১০ এয়ারক্র্যাফ্ট ব্যবহারের সুপারিশ করেছে কমিটি। এই ফ্লাইটটি সিঙ্গাঁপুর থেকে কুয়ালালামপুর হয়ে যাওয়া-আসা করবে।
আভ্যন্তরীণ রুটে সিলেট ছাড়া অন্যগুলোতে বিপুল অর্থের লোকসান দেয় বিমান। ৭৮ জন যাত্রীবহন ক্ষমতা সম্পন্ন ফকার এফ-২৮ দিয়ে পরিচালিত আভ্যন্তরীণ রুটে প্রায়ঃশই ফ্লাইট পরিচালিত হয় ৬ থেকে ১০ জন যাত্রী নিয়ে।
এই সুপারিশ পর্যালোচনার মাধ্যমে কিছু কাটছাট করে আগামী সপ্তাহে বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
