২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে দাতাদের ইউপি’র জন্যে নগদ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব

দারিদ্র্য বিমোচন কৌশল বাস্তবায়ন ফোরাম ২০০৫ এর বৈঠকে বাংলাদেশের উন্নয়ন সহযোগিরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ইউনিয়ন পরিষদের জন্যে নগদ বরাদ্দ ১২০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০০ কোটি টাকা করার প্রস্তাব করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) পরিবর্তে আয়োজিত প্রথম দারিদ্র্য বিমোচন কৌশল (পিআরএসপি) বাস্তবায়ন ফোরামের তিন দিন ব্যাপী বৈঠকের দ্বিতীয় দিন বুধবার তারা এই প্রস্তাব করেন।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেল বলেন, দাতারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে কার্যকর ও শক্তিশালী দেখতে চান ।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান বলেন, সরকার ‘ইউনিয়ন ব্লক অনুদান’ বৃদ্ধির মাধ্যমে স্থানীয় সরকারের জন্যে সহায়তা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

বৈঠকে অংশ নেয়া অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বিডিনিউজকে বলেন, গত দুই বছর ধরে ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে ব্লক অনুদানের মাধ্যমে বিতরণ করা ১২০ কোটি টাকা থেকে ইতিবাচক ফলাফল পাওয়ায় দাতারা এক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করেছে।

দ্বিতীয় দিনের বৈঠকে অন্যান্যের মধ্যে এলজিআরডি ও সমবায়মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া, শিক্ষামন্ত্রী ওসমান ফারুক ও এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), ইউরোপিয় ইউনিয়ন ও জাপানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিও প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রস্তাবিত গণ ক্রয় সংক্রান্ত আইন, রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হয়।

পিআরএসপি প্রস্তুতি টিমের সদস্য হোসেন জিল্লুর রহমান বলেন, দাতারা বিশেষ করে বিশ্ব্যাংক স্থানীয় সরকার শক্তিশালী করার ওপর এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

বিশ্ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, ইউনিয়ন পর্যায়ে নগদ অনুদান সংক্রান্ত সরকারি পদক্ষেপ অত্যন্ত আশাব্যঞ্জক।

তিনি বলেন. বরাদ্দকৃত টাকার সুষ্ঠু ব্যবহার ছাড়াও দাতারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে কার্যকর ও শক্তিশালী হিসেবে দেখতে চান। অন্যদিকে দাতারা সরকারের গৃহীত সংস্কার পদক্ষেপেরও সঠিক বাস্তবায়ন দেখতে চান।

প্যাটেল সাহায্য অনুদান সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, যতক্ষণ পর্যন্ত যথাযথ পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন প্রক্রিয়ার কাজ চলবে, ততক্ষণ টাকার অভাব হবে না।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য কাজী মেসবাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, পিআরএসপির অধীনে উনয়ন কার্যক্রম পর্যালোচনা ও পর্যবেক্ষন করার জন্যে একটি যৌথ কমিশন গঠন করা যেতে পারে।