২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরের শেষদিকে শুরু হচ্ছে টাটার চূড়ান্ত পর্যায়ের আলোচনা

বাংলাদেশে ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ব্যাপারে সরকারের সঙ্গে চতুর্থ ও চূড়ান্ত পর্যায়ের আলোচনার জন্যে ২৭ কিংবা ২৮ নভেম্বর ঢাকা আসছেন ভারতের অন্যতম বৃহত্তম কোম্পানি টাটার প্রতিনিধিগণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 07:38 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বিনিয়োগ বোর্ডের একটি সূত্র জানান, ইতোমধ্যেই তিন পর্যায়ের আলোচনা শেষ হয়েছে এবং এ মাসের শেষদিকে পরবর্তী পর্যায়ের আলোচনা শুরু হবে বলে আশা করছি। চতুর্থ পর্যায়ের এ আলোচনায় কয়লা উত্তোলন, গ্যাস সরবরাহ ও মূল্য নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে।

বাংলাদেশে ইস্পাত, বিদ্যুৎ ও সার কারখানা স্থাপনের ক্ষেত্রে আড়াই বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ব্যাপারে সমঝোতায় পৌঁছতে টাটা গ্রুপ গত কয়েক মাস ধরে সরকারের সঙ্গে আলোচনা করে যাচ্ছে।

বিনিয়োগ বোর্ডের ওই সূত্র রোববার বিডিনিউজকে বলেন, টাটা প্রকল্প থেকে বাংলাদেশের অর্থনৈতিক লাভক্ষতির বিষয়টি পর্যালোচনার জন্যে সম্ভাব্যতা যাচাইয়ের ব্যাপারে অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদকে দায়িত্ব দেয়া হয়েছে।

সুত্র আরো জানান, এ চুক্তি স্বাক্ষর করা হবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরিচালনায় টাটার বিনিয়োগ প্রস্তাবের অর্থনৈতিক প্রভাব সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ১৫ ডিসেম্বরের মধ্যে এ প্রতিবেদন সরকারের হাতে এসে পৌঁছবে বলে সূত্র উল্লেখ করেন।

তিনি বলেন, বেশ কিছু বিষয়ে উভয় পক্ষ একমত হলেও অনেক বিষয়ই অমীমাংসিত। এ বিনিয়োগের ব্যাপারে উভয় পক্ষ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারলে ২০০৬ সালের জানুয়ারি থেকে টাটা কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে।

চতুর্থ পর্যায়ের আলোচনায় অমীমাংসিত চারটি বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এগুলো হচ্ছে, টাটা প্রকল্পের জন্যে গ্যাসের নিশ্চয়তা, সরবরাহকৃত গ্যাসের মূল্য নির্ধারণ, টাটা প্রকল্পের বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় এবং টাটার কাছে বড়পুকুরিয়ার বিদ্যমান কয়লা খনি হস্তান্তর।

সরকার নিযুক্ত আলোচনা কমিটির একজন সদস্য জানান, টাটা কর্তৃক গ্যাস ও কয়লা ক্রয়ের দাম নির্ধারণ ছাড়াও তারা যে বিদ্যুৎ উৎপাদন করবে তা সরকারের কাছে বিক্রির ক্ষেত্রে মূল্য নির্ধারণ চুতর্থ পর্যায়ের আলোচনায় প্রাধান্য পাবে। প্রসঙ্গত, টাটা ১,০০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে এবং তার অর্থেক বাংলাদেশের জাতীয় গ্রিডে সরবরাহ করবে। উৎপাদিত বিদ্যুতের বাকি অংশ তারা তাদের ইস্পাত কারখানায় ব্যবহার করবে।

এর আগে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বলেছিলেন, সরকার টাটার সাথে এমন একটি ঝামেলামুক্ত বিনিয়োগ চুক্তি করতে চায়। কেননা সরকার দেশের বিনিয়োগ নীতিমালার পরিপন্থী কোনও কিছু মেনে নেবে না।