২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলনের কারণে গত কয়েকদিনে অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে

ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে সরকার রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় গত কয়েকদিনে দেশের অর্থনৈতিক কর্মকান্ড অনেকটাই স্থবির হয়ে পড়ছে। বিশেষ করে স্বল্প মানুষের ওপর তা ব্যাপক প্রভাব ফেলেছে। ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে কথা বলে এ অভিযোগ পাওয়া যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 07:32 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

সম্মেলন চলাকালে নিরাপত্তা ব্যবস্থা, সরকারি ও বেসরকারি খাতে অর্থনৈতিক ক্ষতির প্রসঙ্গে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার খালেদ ইব্রাহীম বিডিনিউজকে বলেন, সার্ক সম্মেলনের কারণে দেশের অনেক বড় অঙ্কের ক্ষতি হয়েছে।

তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থায় কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে। তবে এই খরচ দরকার ছিল কেননা প্রতিবেশী অন্যান্য দেশ নিরাপত্তা ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করায় এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খালেদ ইব্রাহীম বলেন, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই ক্ষতির পরিমাণ অনেক বড়। কিন্তু প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সম্পর্কের খাতিরে এই নিরাপত্তা ব্যবস্থার দরকার ছিল।

ফেডারেশন অব বঅংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র সভাপতি মীর নাসির হোসেন বলেন, গত দুদিন সাপ্তাহিক ছুটির পরেও সম্মেলনের কারণে আমাদের একটি বাড়তি দিনের ক্ষতি হয়েছে। তবে সাফটা বাস্তবায়নসহ অন্যান্য অনেক কারণে সার্ক সম্মেলন আয়োজন জরুরী ছিল।

তিনি বলেন, এ ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় বর্হিবিশ্বে আমাদের ভাবমূর্তি উজ্জল হবে।

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি এসএম শফিকুজ্জামান বলেন, এ সময়ে আন্তঃদেশীয় বাণিজ্যের জন্যে ব্যবসায়ীরা মাত্র এক দিন সময় পেয়েছেন। তবে সাফটা কার্যকর হলে আমরা এই ক্ষতি এবং দুর্ভোগ ভুলে যাব।

তবে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি এম হেলাল উদ্দিন সরকারের পরিকল্পনাহীনতাকেই এ ক্ষতির জন্যে দায়ি করেন।

তিনি বলেন, এ ধরণের পরিস্থিতি হবে, আগে থেকে সরকার আমাদের জানালে আমরা দোকান খোলা রাখতাম না। গত দুদিনে দোকানে বলতে গেলে কোনও গ্রাহকই আসে নি। সরকার আমাদের আগে থেকে জানালে পরবর্তী সাপ্তাহিক ছুটিগুলোতে আমরা ক্ষতি পুষিয়ে নিতে পারতাম।

তিনি বলেন, ঢাকা শহরের প্রায় আড়াইলাখ দোকানদারকে প্রতি দিনের জন্যে দুই হাজার টাকার মতো ক্ষতির সম্মুখিন হবে।

অনেকেই মনে করছেন, কারওয়ান বাজার বন্ধ থাকার কারণেও অথনীতির বড় ধরণের ক্ষতি হয়েছে।

রাজধানীর বিনিময় ফিলিং স্টেশনের ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, এমনকি হরতালের দিনেও মতিঝিল এলাকায় এ পরিস্থিতি সৃষ্টি হয় না। শুক্রবার মাত্র সাড়ে তিনশ’ লিটার পেট্টোল বিক্রি করেছি আমরা।

তিনি বলেন, শুক্রবারেই আমরা প্রায় তিন হাজার লিটার এবং অন্যান্য দিন পেট্টোলিয়ামসহ সব মিলিয়ে সাত হাজার লিটার জ্বালানি তেল মতা বিক্রি হয়।

সরকারের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা রিক্সাওয়ালা, চা দোকানদার, ফেরিওয়ালা ও দিনমজুরসহ নিম্ন বিত্তের আয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

সার্ক নিরাপত্তার দিনগুলোতে যেসব দিন মজুররা কাজের প্রত্যাশায় রাস্তার পাশে বসে থাকতো তাদেরকেও বসতে দেয়া হয় নি।

ফকিরাপুল এলাকা থেকে চতুর্থ দিনের মতো ঘরে ফিরে যাওয়া রাজমিস্ত্রি বাবলু বলেন, ঋণ করা ছাড়া এখন আমার কোনও গতি নেই। ভ্যান চালক জহিরুল ইসলাম বলেন, চতুর্থ দিনের মতো আমাকে খালি হাতে ফেরত যেতে হবে।

চা দোকানদার সেরাজুল হক বলেন, রাস্তাঘাটে মানুষ না থাকায় গত কয়েকদিনে বলতে গেলে কোনও বিক্রিই হয় নি।

চারদিন পর রিক্সা নামিয়েছেন হাবিবুর রাহমান। দুপুর পর্যন্ত তার আয় ৭০ টাকা। এখান থেকে ৪০ টাকা জমা দেয়ার পর আর আজকের বাজার করা হবে না। তার মতে অন্যদিনে এই সময়ে দ্বিগুন রোজগার করা যেত।