২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানা দেখে ইইউ পরিদর্শক দলের সন্তোষ প্রকাশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের চিংড়ি পরিদর্শক দল বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঠালতলা গ্রামের রূপসা ফিস এণ্ড এলাইড ইন্ডাস্ট্রীজ লিমিটেড পরিদর্শন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 06:12 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

শুক্রবার দুপুরে তারা আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই হিমায়িত চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানাটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। শনিবার দলটি বাগেরহাটের রামপাল ও মংলা এলাকা পরিদর্শন ও সুন্দরবন ভ্রমণে যাবার কথা রয়েছে।

রূপসা ফিস এণ্ড এলাইড ইন্ডাস্ট্রীজ লি: এর চেয়ারম্যান এস.এম. আমজাদ হোসেন জানান, ইইউ প্রতিনিধি দলটি প্রায় ৪ ঘন্টা কারখানায় অবস্থান করে এর উৎপাদন লাইন, উৎপাদিত পণ্য ও তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ বিভিন্ন খুঁটিনাটি বিষয় ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তারা উপস্থিত সবার সামনে কারখানার সার্বিক ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন।

গত বুধবার থেকে স্টিফেন হোনিক এর নেতৃত্বে ৪ সদস্যের এই ইইউ পরিদর্শক দলটি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন চিংড়ি ঘের, ডিপো ও প্রক্রিয়াকরণ কারখানা পরিদর্শন করছেন।

বাগেরহাট জেলা মৎস্য অফিস সূত্র জানায়, ইইউ পরিদর্শক দলের সাথে মৎস বিভাগের ঢাকা, খুলনা ও বাগেরহাটের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।