২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্কে ১৫ ও ১৬ নভেম্বর বাংলাদেশী নীটওয়্যার পণ্যের মেলা

বাংলাদেশী নীটওয়্যার পন্যের দু’দিনব্যাপী মেলা ১৫ ও ১৬ নভেম্বর নিউইয়র্কের হোটেল পেনসিলভ্যানিয়ায় অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 04:19 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহম্পতিবার জানা যায়, বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন’র (বিকেএমইএ) ৫৪টি সদস্য প্রতিষ্ঠানের উৎপাদিত নীট পোশাক এ মেলায় প্রদর্শন করা হবে।

রপ্তানীর ক্ষেত্র বৃদ্ধির উদ্দেশ্যে সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি (এসইডিএফ)’র সহায়তায় বিকেএমইএ যুক্তরাষ্ট্রে এই প্রথম বারের মত কোনও একক পণ্যের মেলার আয়োজন করছে।

আশা করা হচ্ছে, প্রায় পাঁচ হাজার দর্শনার্থী এ মেলা পরিদর্শনে আসবেন, যাদের উল্লেখযোগ্য অংশই আমদানিকারক এবং উদ্যোক্তা।

বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল এ মেলায় অংশগ্রহণ করবে। পাশাপাশি বিকেএমইএ সভাপতি মো. ফজলুল হকের নেতৃত্বে ৮০ সদস্যের একটি প্রতিনিধি দল পৃথকভাবে ১০, ১১ ও ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

বিকেএমইএ জানায়, ১৬ বিলিয়ন মার্কিন ডলারের আমেরিকান নীটওয়্যার পণ্যের বিশাল বাজারে বাংলাদেশের শেয়ার মাত্র শতকরা তিন ভাগ। এ মেলার মাধ্যমে আমেরিকার বাজারে দেশীয় নীটওয়্যার খাতকে একটি আশাব্যঞ্জক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।