ব্যাংক বহির্ভূত আর্থিক সংস্থার ঝুঁকি ব্যবস্থাপনায় এসইডিএফ’র সহায়তা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনা মেনে চলার ক্ষেত্রে ব্যাংক বহির্ভূত আর্থিক সংস্থাসমূহের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বুধবার সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি’র (এসইডিএফ) কাছে সহায়তা চেয়েছে।
এসব প্রতিষ্ঠানকে প্রধান চারটি ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনা মেনে চলার নির্দেশ দেয়ার পর এসইডিএফ’কে এ অনুরোধ জানালো বাংলাদেশ ব্যাংক।
এর আগে ব্যাংকটি ঋণ ঝুঁকি, সম্পদ ও দায়বদ্ধতার ঝুঁকি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও বাধ্যবাধকতার ঝুঁকি এবং তথ্যপ্রযুক্তি নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে গাইডলাইন মেনে চলার নির্দেশ দেয়। ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন এবং কর্মকর্তাদের দায়িত্ব কর্তব্য জোরদারের জন্যে ন্যূনতম মান প্রতিষ্ঠার লক্ষ্যে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বিডিনিউজকে বলেন, ২০০৬ সালের জুন নাগাদ ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনা মেনে চলার ক্ষেত্রে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্যে এসইডিএফ’র কাছে এ সহায়তা চাওয়া হয়।
তিনি বলেন, এ বিষয়টি বুঝতে কোনও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান যাতে কর্মকর্তাদের অদক্ষতাকে দায়ী করতে না পারে আমরা সেটি নিশ্চিত করতে চাচ্ছি।
তিনি আরও বলেন, ঝুঁকিসমূহ ব্যবস্থাপনায় ব্যর্থ হলে এসব প্রতিষ্ঠান যে কেবল লোকসানের সম্মুখীন হবে তা নয়, পরিস্থিতি এমন হতে পারে যে তাদের ব্যবসাই বন্ধ হয়ে যেতে পারে।
বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা জানান, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো খুব একটা ভাল অবস্থানে নেই এবং ঝুঁকি ব্যবস্থাপনার জন্যে তারা এখনও কোনও পদক্ষেপ নেয়নি। তবে এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে তারা বিশ্বের সাথে তাল মেলাতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, এ প্রকল্পের আওতায় ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দেশে বিদেশে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এর ফলে ঝুঁকির বিষয়গুলো চিহ্নিত করে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে।
এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কোনও খরচ বহন করতে হবে না বলে তিনি জানান।
এর আগে ব্যাংকিং ব্যবস্থায় ঝুঁকি মোকাবেলা বিষয়ে এসইডিএফ প্রায় দুইশ’ ব্যাংক কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়। অতীত অভিজ্ঞতার কারণেই এসইডিএফ’র কাছে এ সহায়তা চাওয়া হয় বলে জানান ওই কর্মকর্তা।
তিনি বলেন, এসইডিএফ অনানুষ্ঠানিকভাবে আমাদের এ অনুরোধে সাড়া দিয়েছে। তবে আমরা আনুষ্ঠানিক সম্মতির অপেক্ষায় আছি।
বাংলাদেশে বর্তমানে মোট ২৮টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে।
