চট্টগ্রাম-কক্সবাজার অপটিক্যাল ফাইবার স্থাপনে বিটিটিবি, হেসফিবলের চুক্তি সাক্ষর
বহুল আলোচিত চট্টগ্রাম-কক্সবাজার রুটের অপটিকাল ফাইবার স্থাপনের জন্যে বিটিটিবি ও তুরস্কের কোম্পানি হেসফিবলের মধ্যে রোববার একটি চুক্তি সাক্ষরিত হয়েছে।
বিটিটিবি সূত্র জানায়, এ রুটে ২৪টি ফাইবার অপটিক ক্যাবল স্থাপনের পর আগামী চার মাসের মধ্যে ইনফরমেশন সুপার হাইওয়ের সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ। ২০০৬ সালের মার্চ নাগাদ ২৮ দশমিক ৪১ কোটি টাকার এ প্রকল্প শেষ হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ টেলিফোন ও টেলিগ্রাফ বোর্ডের (বিটিটিবি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল মালেক আখন্দ ও হেসফিবলের ব্যবস্থাপক (মার্কেটিং) সেবাহাত্তিন এ চুক্তিতে সাক্ষর করেন।
বিটিটিবি চেয়ারম্যান বিডিনিউজকে বলেন, মাটির নিচে থাকাকালে যাতে নষ্ট হয়ে না যায় সেজন্য ১৫৬ কিলোমিটারব্যাপী এ ফাইবার অপটিক ক্যাবল হাই ডেনসিটি পলিথিলিন পাইপ দ্বারা মোড়ানো থাকবে।
হেসফিবলের বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক আহমাদ মুশফেক আনাম বিডিনিউজকে বলেন, নভেম্বরের মাঝামাঝি ক্যাবল স্থাপনের এ প্রকল্পের জন্যে এলসি খোলা হবে।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিটিটিবি’র সদস্য (ব্যবস্থাপনা ও কার্যক্রম) এসএম মুনির আহমেদ, সদস্য (অর্থ) জামিল ওসমান, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের প্রকল্প পরিচালক মনোয়ার হোসেন, পরিচালক (ক্রয়) নাদির শাহ কুরায়েশী প্রমুখ।
