২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস শিল্পের উন্নয়নে বিজিএমইএ’র ইফতার পার্টিতে আওয়ামী লীগ-বিএনপির ঐক্যমত

বিজিএমইএ আয়োজিত রোববারের ইফতার পার্টিতে উপস্থিত আওয়ামী লীগ ও বিএনপি’র নেতৃবৃন্দ দেশের গার্মেন্টস শিল্পের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে সব ধরনের সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

ইফতার পার্টিতে অংশ নেয়া উভয় দলের নেতৃবৃন্ত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোন বক্তব্য না দেয়ায় দু’দলের মধ্যেকার জমাট বরফ গলার যে আশা করা হয়েছিল কার্যত তা হয়নি। উপরন্তু এসময় তারা একে অপরকে মিষ্টি খাওয়ার জন্য অনুরোধ জানাতে দেখা গেছে।

মূলত দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যেকার বিরাজমান দুরত্ব কমানোর উদ্দেশ্যেই বিজিএমইএ রাজধানীর হোটেল শেরাটনে ইফতার এবং নৈশভোজের আয়োজন করে।

স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী এবং বিএনপি’র মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, দুই দলের উর্ধ্বতন নেতৃবৃন্দ, সুশীল সমাজের সদস্য, ব্যবসায়ী নতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, মৎস ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান, আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, এফবিসিসিআই’র সভাপতি মীর নাসির হোসেন এবং সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)’র পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য প্রমুখ ইফতার পার্টি ও নৈশভোজে যোগ দেন।

অনুষ্ঠানে মডারেটরের ভূমিকা পালন করেন বিজিএমইএ’র সভাপতি আনিসুল হক।

অনুষ্ঠানে আব্দুল মান্নান ভুঁইয়া বলেন, রাজনীতির কারণে আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের মধ্যে কোন দুরত্ব নেই। কিন্তু বিভিন্ন জাতীয় সমস্যা সমাধানে আমরা একসাথে চেষ্টা করতে পারি। তাছাড়া আমাদের মধ্যে বিরাজমান ভুল বুঝাবুঝি এবং যেটুকু দুরত্ব রয়েছে পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা তা দুর করতে পারি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, গার্মেন্টস খাতের উন্নয়নে আওয়ামী লীগ সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে।

বিজিএমইএ সভাপতি আনিসুল হক বলেন, এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাবে এবং এর মধ্য দিয়ে পারস্পরিক রাজনৈতিক দ্বন্দ্ব দুর করতে সহায়তা করবে।