২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র’র প্রথম ইউনিট নভেম্বরে চালু হচ্ছে

দেশের প্রথম এবং একমাত্র কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ‘বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বর মাসে চালু হচ্ছে। এতে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 04:41 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

প্রকল্পের ১২৫ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট চালু হবে আগামী ফেব্রুয়ারিতে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১,৬৬০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করবে।

বিদ্যুৎ কেন্দ্রটি চালুর প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ৭ নভেম্বর ‘কোল ফায়ারিং’ এবং ১৫ নভেম্বর কেন্দ্রের যন্ত্রপাতির ‘সিক্রোনাইজেশন’ করা হবে। এর পরপরই কেন্দ্রে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ শনিবার প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করতে এলে সংশ্লিষ্ট প্রকৌশলীরা এ কথা জানান। প্রকৌশলীরা জানান, এ পর্যন্ত প্রকল্পের ৯০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে।

প্রতিমন্ত্রী দেশের উত্তরাঞ্চলে বিদ্যুতের লো ভল্টেজ সমস্যা দূর করতে প্রকল্পটি যথাসময়ে চালু করার জন্যে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। এসময় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) প্রকৌশলী আবদুল মতিন, প্রকল্প পরিচালক ফজলুল হক উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালের ২৩ এপ্রিল বড় পুকুড়িয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের গ্রাউন্ড ব্রেকিং কাজের উদ্বোধন করেন। মোট ৩০০ একর জমির ওপর নির্মাণাধীন এ প্রকল্পটি সরবরাহকারী ঋণ চুক্তির আওতায় চীনের সিএমসি, এসইসি এবং এসইইসি কনসোর্টিয়ামের কারিগরি সহায়তায় নির্মিত হচ্ছে। প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, দেশীয় কয়লা ব্যবহারের ফলে বিদ্যুৎ কেন্দ্রটি ৩০ বছর চালাতে বিদেশ থেকে কোনও কয়লা আমদানি করতে হবে না। এর ফলে ২০০ কোটি মার্কিন ডলার সাশ্রয় হবে।

প্রকল্পটি বাস্তবায়নকালে দুই হাজার দক্ষ ও অদক্ষ শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে এবং প্রকল্প শেষ হলে বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্যে ৫০০ মানুষের কর্মসংস্থান হবে।