বিজিএমইএ’র ইফতারে যোগ দিচ্ছে বিএনপি-আ' লীগ, দুদলের সৌহার্দ্য বাড়বে
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি’র (বিজিএমইএ) উদ্যোগে রোববারের ইফতার পার্টিতে বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতাসহ উভয় পক্ষের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা যোগ দিচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল ইতিমধ্যে বিজিএমইএ আয়োজিত শেরাটন হোটেলের ইফতারে ও নৈশভোজে অংশ নেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন।
রোববারের ইফতার পার্টিতে দুই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন দৈনিক পত্রিকা ও সংবাদ মাধ্যমের সম্পাদক, বিকেএমইএ ও বিটিএমএ সভাপতিসহ বিভিন্ন ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়াও গার্মেন্টস শিল্পের সাথে জড়িত ২২ জন এমপিও ইফতারে অংশ নিচ্ছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সাবেক মন্ত্রীরা ইফতার ও নৈশ ভোজে যোগ দেবেন।
এ ব্যাপারে বিজিএমইএ সভাপতি আনিসুল হক বিডিনিউজকে বলেন, ‘আমরা খুশী, দুই নেতা সানন্দে ইফতারে আসতে রাজী হয়েছেন এবং একই সঙ্গে দুই দলের কেন্দ্রীয় অন্যান্য নেতারাও আয়োজনে উপস্থিত থাকবেন।’
তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক উদ্যোগ নয়। তবে এ ধরণের আয়োজন অবশ্য দুদলের মধ্যে সৌহার্দ্য বাড়াবে।
এদিকে বিজিএমইএ রোববারের ইফতার পার্টিতে বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতাদের আলোচনায় হরতালসহ রাজনৈতিক অস্থিতিশীলতা স্থান পাবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ত্রি-পক্ষীয় আলোচনায় বিদ্যুতের লোডশোডিং, গামের্ন্টস শিল্প ধ্বংসে কথিত তৃতীয় শক্তি উত্থান, বেনাপোল বন্দর খুলে দেওয়ার মত ইস্যু আলোচনায় প্রাধান্য পাবে।
ব্যবসায়ী মহলের উদ্যোগে সম্প্রতি নেওয়া এ ধরণের উদ্যোগ এটিই প্রথম।
বিজিএমইএ সভাপতি আনিসুল হক বিডিনিউজকে বলেন, আমরা দুদলের শীর্ষ স্থানীয় নেতাদের নিয়ে আন্তরিক পরিবেশে এ ধরণের একটি আয়োজন করার পরিকল্পনা নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ করছি।
তিনি বলেন, আনন্দের বিষয় হচ্ছে বিজিএমইএ’র ওই উদ্যোগে সরকার ও বিরোধী দলের নেতারা ইতিবাচক সাড়া দিয়েছেন। এতে আমাদের উৎসাহ বাড়বে।
ব্যবসায়ী মহলের ধারণা, ওই আয়োজনে বিভিন্ন ইস্যুতে দুদলের মধ্যে মতৈক্য সৃষ্টির এক ধাপ অগ্রগতি হবে। তবে তারা এ-ও বলছেন, এটি আদৌ কোনো রাজনৈতিক উদ্যোগ নয়।
জানা যায়, সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণে ২৭ অক্টোবর বিজিএমইএ ইফতারের আয়োজন করার কথা থাকলেও পরে দুই নেতার সুবিধার্থে ৩০ অক্টোবর তারিখ পুননির্ধারণ করা হয়।
অতীতের উদ্যোগের কথা উল্লেখ করে আনিসুল হক বলেন, যদি প্রয়োজন হয় তবে ভবিষ্যতেও বিজিএমইএ এধরণের উদ্যোগ নেবে।
