‘ব্লার্ড ফ্লু’র ব্যাপারে সর্তকতামূলক ব্যবস্থা থাকলে পোল্ট্রি রপ্তানি বাড়বে’
বার্ড ফ্লু’র ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে কঠোর পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পোল্ট্রি শিল্প মালিক ও বিশেষজ্ঞরা একথা বলেছেন।
তারা বলেন, আগে থেকেই সর্তকমূলক ব্যবস্থা গ্রহণ সম্ভব হলে দেশের পোল্ট্রি খাত ধংসের হাত থেকে রক্ষা পাবে এমনকি সামগ্রিকভাবে স্থানীয় পোল্ট্রি বিকাশের পাশাপাশি রপ্তানি বৃদ্ধিও নিশ্চিত হবে।
কাজী ফার্মের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান বলেন, অধিকতর সর্তকতামূলক ব্যবস্থা দেশীয় পোল্ট্রি বাজারকেই শুধু রক্ষা করবে না বরং আন্তজাতিক বাজারে দেশীয় পোল্ট্রি রপ্তানি বাড়াবে।
তিনি বলেন, সম্প্রতি দেশের পোল্ট্রির চাহিদা বৃদ্ধি পাওয়ায় সাময়িকভাবে আমরা আরব আমিরাতে রপ্তানি বন্ধ করেছি। তবে বার্ড ফ্লু থেকে বাংলাদেশের পোল্ট্রি রক্ষা করা গেলে আগামী বছরের মধ্যে রপ্তানি ব্যাপক পরিমানে বাড়বে।
তিনি আরো জানান, এ মাসে বার্ড ফ্লু’র কারনে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার অন্যতম প্রধান পোল্ট্রি সামগ্রী রপ্তানিকারক দেশগুলোতে ভয়াবহ ক্ষতির স্বীকার হয়েছে। ফলে স্বল্প ও নতুন রপ্তানিকারক দেশগুলোর জন্য বড় ধরনের বাজার প্রাপ্তির সম্ভবনা বেড়েছে।
সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) সিনিয়র গবেষনা সহযোগী ড. উত্তম কুমার দেবের এক প্রতিবেদনে দেখা যায়, হংকংয়ে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠকে কৃষি ও কৃষিজ পন্য রপ্তানিতে ভর্তুকি হ্রাস কার্যকর হলে পোল্ট্রি সামগ্রী রপ্তানি ২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পাবে। অথ্যাৎ ১৯৯৯-২০০১ সময়কালে পোল্ট্রি সামগ্রী রপ্তানি ৮ দশমিক ৮ লাখ ডলার থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়াবে প্রায় ৩০ লাখ ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মীর শাহবুদ্দিন আহমেদ বলেন, সরকার প্রথমবারের মত এ অর্থবছর থেকে পোল্ট্রি রপ্তানি ওপর ২৫ শতাংশ নগদ সহায়তা দিচ্ছে।
খাদ্য ও কৃষি সংস্থা’র এক প্রতিবেদনে দেখা যায়, ২০০৩ সালে বার্ড ফ্লু’র পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোল্ট্রি রপ্তানিকারক দেশ ব্রাজিল নিজেদের এ ভাইরাস থেকে মুক্ত রাখতে পারার কারণে এ খাতে ২০০৪ সালে ৪৪ শতাংশ রপ্তানি বেড়েছে।
বাংলাদেশ পোল্ট্রি সমিতি সভাপতি মোর্শেদ আলম বলেন, ২০০৩ সালের বার্ড ফ্লু’র পর ১৩টি এশীয় দেশ থেকে পোল্ট্রি আমদানি নিষিদ্ধ করায় বাংলাদেশ ইতোমধ্যে আন্তজার্তিকভাবে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সমর্থ হয়েছে।
এ সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বার্ড ফ্লু’র কারনে শুধু এশিয়া অঞ্চলে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
এদিকে বার্ড ফ্লু’র আতঙ্ক ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ সরকার গত সপ্তাহে তুরস্ক, গ্রিস, রাশিয়া, রোমানিয়া ও কাজাকিস্তান থেকে পোল্ট্রি আমদানি নিষিদ্ধ করছে।
