২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি: নির্দিষ্ট বাজেটে ঈদের বাজার করা অসম্ভব হয়ে পড়বে

ঈদের বাকি আরও এক সপ্তাহের বেশি। কিন্তু এরই মধ্যে তার প্রভাবে বাজারে মাছ, মাংস, দুধ, পেঁয়াজ, মসলাসহ ঈদের জন্যে প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি নিত্য-প্রয়োজনীয় প্রতিটি উপকরণের দাম আরও এক দফা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 04:35 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

ঈদের আগে এসব পণ্যের দাম আরো বাড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করে ব্যবসায়ীরা বলেছেন অনেক ক্রেতার পক্ষেই নির্দিষ্ট বাজেটে ঈদের বাজার করা অসম্ভব হয়ে পড়বে।

শুক্রবার ঢাকার কারওয়ান বাজার, ইব্রাহিমপুর ও শেওড়াপাড়া বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগীর দাম কেজিপ্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। প্রতিকেজি ছোট মুরগী ৮০ টাকা ও বড় মুরগী ৭২ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশী মুরগীর দাম কেজিপ্রতি ৫ থেকে ৮ টাকা বেড়ে ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ইব্রাহিমপুরের বিক্রেতা আব্দুর রহমান জানান, তিনদিনের ব্যবধানে মুরগীর দাম বেড়েছে প্রতিকেজি ১০ থেকে ১৫ টাকা। রমজানের শুরুতে দাম কিছুটা বাড়লেও পরে কমে তা ৬৫ থেকে ৬৮ টাকায় দাঁড়িয়েছিলো। এখন বেড়ে আবারো ৭০ থেকে ৮০ টাকায় উঠেছে। চাহিদা বাড়তি থাকবে বলে ঈদের আগে প্রতিকেজি ১০০ টাকায় উঠতে পারে, এমনটাই বলেছেন বিক্রেতারা।

গরুর মাংসের দাম কেজিপ্রতি ১০ টাকা বেড়ে বর্তমানে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হয় ২০০ থেকে ২২০ টাকা দরে। ঈদের আগে গরুর মাংস ১৫০ টাকা এবং খাসির মাংস ২৫০ থেকে ৩০০ টাকায় উঠতে পারে বলে ব্যবসায়ীরা আশংকা প্রকাশ করেছেন।

কারওয়ান বাজারের ব্যবসায়ী কাইয়ুম মিয়া জানান, বিভিন্ন সড়কে বাড়তি চাঁদা ও গরু-খাসির আমদানি কম থাকায় ঈদে মাংসের দাম বেশ কিছুটা বেড়ে যেতে পারে।

বাজারে মাছের সরবরাহ পর্যাপ্ত থাকলেও কেজিপ্রতি দাম বেড়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। তবে চালের দাম রয়েছে প্রায় স্থিতিশীল।

প্যাকেটজাত তরল দুধ প্রতি লিটার বিক্রি হচ্ছে ৩৪ টাকায়। যা রোজার শুরুর দিকে ২৮ থেকে বেড়ে ৩২ টাকায় উঠেছিল। ঈদের আগে এর দাম ৩৬ থেকে ৪০ টাকায় উঠতে পারে বলে কচুক্ষেত বাজারের খুচরা বিক্রেতা শিপলু জানান।

বিভিন্ন দোকানে পেস্তার দাম কেজিপ্রতি এক হাজার টাকা। যা গত সপ্তাহেও ছিল ৭৫০ টাকা। বাদামের দাম একেক বাজারে একেক রকম। ইব্রাহিমপুরে ২০০ টাকা, শেওড়াপাড়ায় ১৫০ টাকা আর কারওয়ান বাজারে প্রতি কেজির দাম ছিল ১০০ টাকা। তবে কোনো কোনো খুচরা দোকানে আরো কমেও বিক্রি হয়েছে।

কারওয়ান বাজারে সেমাই’র ঝুড়ির (৩৭ কেজি) দাম ছিল এক হাজার ১০০ টাকা। যা কয়েক দিন আগেও ছিল ৯০০ টাকা। খুচরা বাজারে প্রতি কেজি সেমাই’র দাম ২৮ টাকা। দুদিন আগেও এর দাম ছিল ২২ টাকা। তবে ইব্রাহিমপুরে প্রতি কেজি খোলা সেমাই বিক্রি হয়েছে ১৮ টাকা। যা গত সপ্তাহে ছিল ১৬ টাকা কেজি।

ইব্রাহিমপুরের বিক্রেতা খায়রুল ইসলাম জানান, ময়দার দাম বেড়ে যাওয়ায় এবার সেমাইর দাম বেশি। তবে দামে এত হেরফেরের কারণ তিনি জানাতে পারেননি।

চিনির দাম বেড়ে ৩৬ থেকে ৪০ টাকায় দাঁড়িয়েছে। যা রোজার আগেও ছিল মাত্র ২৮ টাকা কেজি। রোজা শুরুর আগে দাম বেড়ে ৩৬ টাকায় দাঁড়ায়। পাইকারি বাজারে ৫০ কেজির প্রতি বস্তায় চিনির দাম বেড়েছে প্রায় ১০০ টাকা করে।

১৪০ টাকার কিসমিসের দাম কেজিপ্রতি বাবুবাজারে ১৮০ টাকা, কারওয়ান বাজারে ২০০ টাকা ও ইব্রাহিমপুরে ২২০ টাকা। পেঁয়াজের দাম আরো এক দফায় বেড়ে ৪৬ টাকা থেকে ৫০ টাকায় উঠেছে। জিরা কেজিপ্রতি ১০ টাকা বেড়ে বর্তমানে ১৫০, দারুচিনি ৮৫ থেকে ৯০ টাকা। লবঙ্গ এক কেজিতে বেড়েছে ১০ টাকা। এলাচ কেজিপ্রতি ৮০ টাকা বেড়ে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। যা কয়েক দিন আগেও সর্বোচ্চ ৩৪০ টাকায় বিক্রি হয়েছে।

কারওয়ান বাজারে ক্রেতা খালেদা জব্বার জানান, যে হারে ঈদের সময়ে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তাতে সাধারণ মানুষের পক্ষে এবার নির্ধারিত বাজেটে থেকে ঈদের খুশি উপভোগ করা সম্ভব হবে না। অনেকক্ষেত্রে বাজেটের থেকে অনেক বেশি খরচ করে চাহিদা মেটাতে হবে।