জুলাই-আগস্ট মাসে দেশের রপ্তানি বেড়েছে ৩ দশমিক ৪৪ শতাংশ
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে গত বছরের একই সময়ের তুলনায় মোট রপ্তানি বেড়েছে ৩ দশমিক ৪৪ শতাংশ। জুলাই-আগস্ট মাসের রপ্তানির পরিমাণ ১ শ’ ৭৫ কোটি ৩৪ লাখ ডলার।
বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো এ তথ্য জানিয়েছে।
এ সময়ে মূলতঃ নিটওয়্যার ও প্রাথমিক পণ্যের রপ্তানির পরিমান বাড়ায় সামগ্রিকভাবে রপ্তানিতে এ বৃদ্ধি ঘটেছে।
নিট খাতের ১৯ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে এ সময়ে নিট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ কোটি ২৬ লাখ ডলার।
অন্যদিকে, দুই মাসে কৃষিজ পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি ৫৫ দশমিক ৪৩ শতাংশ নিয়েএ খাতে মোট রপ্তানি হয় ২ কোটি ১৯ লাখ ডলার। পাট ও পাটজাত পণ্য রপ্তানি যথাক্রমে ১৭ ও ১৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় মোট পরিমান দাঁড়িয়েছে যথাক্রমে ৭০ ও ৪ কোটি ৬০ লাখ ডলার।
এদিকে কোটা ব্যবস্থা প্রত্যাহার পরবর্তী সময়ে ওভেন গার্মেন্টস রপ্তানি হ্রাস অব্যাহত রয়েছে। উল্লিখিত দুই মাসে ৯ দশমিক ১৪ শতাংশ হ্রাস পেয়ে ওভেন খাতে রপ্তানির পরিমান দাঁড়ায় ৭০ কোটি ডলার।
দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিমায়িত খাদ্য রপ্তানি ১ দশমিক ৫৮ শতাংশ হ্রাস পেয়ে এ সময়ে মোট রপ্তানির পরিমান দাঁড়ায় ৮ কোটি ৫৫ লাখ ডলার।
এছাড়াও টেক্সটাইল ফেব্রিক্স, রাসায়নিক দব্য, চামড়া, সিরামিক এবং কারুপণ্য খাতে ইতিবাচক রপ্তানি প্রবৃদ্ধি ঘটেছে। অন্যদিকে চা, বাইসাইকেল, ফুটওয়্যার ও অন্যান্য শিল্প উৎপাদিত পণ্যের রপ্তানি হ্রাস পেয়েছে।
উক্ত দুই মাসে প্রাথমিক ও উৎপাদিত পণ্যের রপ্তানি মূল্যসূচক কমেছে যথাক্রমে ২ দশমিক ১১ শতাংশ ও ৩ দশমিক ৪৯ শতাংশ এবং পরিমাণ সূচক বেড়েছে যথাক্রমে ১১ শতাংশ ও ৬ দশমিক ৪৩ শতাংশ।
এসময় প্রাথমিক ও উৎপাদিত পণ্যের রপ্তানি বৃদ্ধি হার যথাক্রমে প্রায় ৯ শতাংশ ও ৩ শতাংশ।
