ইইউভুক্ত ৫ রাষ্ট্রের মুরগি আমদানি নিষিদ্ধ করে এসআরও জারি হচ্ছে
বার্ড ফ্লু প্রতিরোধে সরকার চলতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নভুক্ত পাঁচটি দেশ থেকে মুরগি আমদানি নিষিদ্ধ করে একটি এসআরও জারি করতে যাচ্ছে।
মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, মুরগি আমদানি নিষিদ্ধ করা এ দেশগুলো হচ্ছে, তুরস্ক, গ্রীস, রোমানিয়া, কাজাখস্তান ও রাশিয়া।
মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান গত সপ্তাহে বলেছেন, তুরস্ক, গ্রীস, রোমানিয়া ও রাশিয়া থেকে মুরগি আমদানি আগেই নিষিদ্ধ করা হয়েছে। এখন কাজাখস্তানও এ তালিকায় অন্তর্ভুক্ত হলো।
গত বছর এশিয়া অঞ্চলে বার্ড ফ্লু দেখা দেবার পর বাংলাদেশ দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড, ভারত ও মালয়েশিয়াসহ এশিয়ার ১৩টি দেশ থেকে মুরগি আমদানি নিষিদ্ধ করে।
নাম প্রকাশ না করার শর্তে বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী আমরা শিগগিরই এসব দেশ থেকে মুরগি আমদানি নিষিদ্ধ করে একটি এসআরও জারি করতে যাচ্ছি।
তিনি বলেন, এ সপ্তাহেই এসআরও জারি করার পর তা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), কাস্টমস ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগে পাঠিয়ে দেওয়া হবে।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে যদিও মুরগি বা মানুষের শরীরে বার্ড ফ্লুর ভাইরাস এইচ৫এন১ এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি তবুও সম্ভাব্য আক্রমন ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।
তারা বলেন, আমদানিকৃত মুরগি বা অতিথি পাখির মাধ্যমে বাংলাদেশে বার্ড ফ্লু ছড়িয়ে পড়তে পারে। কেননা শীতকাল আসন্ন। আর এ মৌসুমে সুদূর সাইবেরিয়া থেকে কয়েকশ প্রজাতির অতিথি পাখি বাংলাদেশে এসে থাকে।
বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ। এখানে প্রায় ১,৫০,০০০টি পোল্ট্রি ফার্ম রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ এখনও বার্ড ফ্লু মুক্ত। কিন্তু এতে আক্রান্ত হওয়া সময়ের ব্যাপার মাত্র। কেননা ফিলিপাইনসহ এশিয়ার বেশ কিছু দেশে ইতোমধ্যেই এ রোগ দেখা দিয়েছে।
সাধারণ বার্ড ফ্লুর চেয়ে বন্য বার্ড ফ্লু আরও ভয়াবহ। বন্য পাখির দেহে এ রোগ দেখা গেলে তা পৃথিবীর যেকোনও স্থ্ােন ছড়িয়ে পড়তে পারে। আর এটি ঘটলে তা প্রতিরোধ করা অসম্ভব হয়ে পড়বে।
