অতিবর্ষণে বরগুনায় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি
রমজানকে পুঁজি করে এবং অতি বর্ষণের কারণে বরগুনায় দ্রব্য মূল্য আরেক দফা বৃদ্ধি পেয়েছে।
কাঁচা বাজারে দেখা দিয়েছে পণ্য সংকট। টাকা দিয়েও চাহিদানুযায়ী মালামাল পাওয়া যাচ্ছে না।
ব্যবসায়ীরা বিডিনিউজকে জানান, বন্যায় উত্তরাঞ্চলে সবজি বাগান পচে যাওয়ায় বরগুনায় পণ্যের চালান আসছে না।
অপরদিকে অবিরাম বর্ষণ ও জলোচ্ছ্বাসে বরগুনায় সবজির বাগান নষ্ট হয়ে গেছে।
অবিরাম বর্ষণের কারণে গত চার দিনে আট টাকার আলু নয় টাকা, ১২ টাকার পটল ১৬ টাকা, ১০ টাকার পেপে ১৪ টাকা, ৪০ টাকার ছোলা বুট ৪২, ৫০ টাকার মশুড়ির ডাল ৫২ টাকা, ৪০ টাকার কাঁচা মরিচ ৮০ টাকা, ২৬ টাকার পেঁয়াজ ৩২ টাকা, ৪৮ টাকার রসুন ৫০ টাকা, ২০ টাকার বেগুন ৩২ টাকা, ৫০ টাকার সয়াবিন তেল ৫৫ টাকা, ৫২ টাকার সরিষার তেল ৫৬ টাকা, ৩২ টাকার কেরোসিন ৩৪ টাকা, ১০ টাকার লবণ ১৩ টাকা, ২০ টাকার চিড়া ২৪ টাকা, ২৮ টাকার কপি ৩২ টাকা, ১৬ টাকার শসা ২০ টাকা, আট টাকার মুলা ১২ টাকা, ৫০ টাকার বেসন ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
গ্রামের বাজার ও দোকানে এসব পণ্য আরও চার/পাঁচ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।
গ্রামাঞ্চলের মানুষের এত দাম দিয়ে এসব পণ্য কেনার সামর্থ্য না থাকায় তারা প্রশাসনকে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন।
