ওআইই’র রিপোর্ট পেলে সরকার যুক্তরাজ্য থেকে পোল্ট্রি আমদানি বন্ধ করতে পারে
বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থা’র নিশ্চিত রিপোর্ট পেলে সরকার যুক্তরাজ্য থেকে পোল্ট্রি আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে। বৃটেনের বন্দরে একটি তোতা পাখি বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরের পর এ ধরনের সিদ্ধান্ত আসছে।
তবে, মৎস্য ও পশু সম্পদ সচিব বলেছেন ডব্লিউওআইই’র চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরেই ঢাকা এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছুবে।
সচিব মোহাম্মদ আবদুল করিম বিডিনিউজকে বলেন, আমরা সংবাদ মাধ্যমে প্রকেশিত খবরটি দেখেছি, তবে ওআইই’র রিপোর্টের পরেই আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানাবো।
তবে বাংলাদেশের একজন পোল্ট্রি আমদানিকারকের ভাবনা অন্য রকম। কাজী ফার্মস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান বিডিনিউজকে বলেন, বৃটেনের বিষয়টি ভিন্ন, সেখানে বন্দরে একটি তোতা পাখি বার্ড ফ্লুসহ ধরা পড়ে এবং তাৎক্ষণিকভাবেই সেটিকে ধংস করে দেয়া হয়।
বৃটেনে স্থানীয়ভাবে এ পর্যন্ত বার্ড ফ্লুর কোনও আলামত পাওয়া যায়নি।
সম্প্রতি এভিয়ান ফ্লু ছড়িয়ে পড়ার পর, বাংলাদেশ বর্তমানে ফ্রান্স, বৃটেন, আমেরিকা ও নেদারল্যান্ডস থেকে পোল্ট্রি আমদানি করছে।
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ আমেরিকা থেকে আমদানিকৃত তোতাটি গত মাসে বৃটেনে পৌঁছে।
