বিমানের রুট কাটছাঁট হচ্ছে, নিউ ইয়র্ক ফ্লাইট থাকছে প্রধানমন্ত্রীর আগ্রহে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্যারিস ও ফ্রাঙ্কফূর্টসহ বেশ কয়েকটি রুটে ফ্লাইট পরিচালনা না করার বিষয়টি চূড়ান্ত করেছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, এই রুট দুটি ছাড়া আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ কয়েকটি রুটে বেশ কিছু ফ্লাইট সমন্বয় করা হবে।
বিমানের নিউ ইয়র্কে সাপ্তাহিক ফ্লাইট দুটিতে বিপুল অর্থ ভর্তুকি দিতে হলেও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ আগ্রহে এই রুটে ফ্লাইটগুলো অব্যহত থাকবে। আমেরকিায় বসবাসকারী কয়েক লাখ বাংলাদেশীর কথা বিবেচনা করে তাদের দেশে যাওয়া আসার সুবিধার্থে প্রধানমন্ত্রী চান নিউ ইয়র্ক ফ্লাইট অব্যহত থাকুক।
সূত্র জানায়, মন্ত্রণালয় এ বিষয়ে পর্যালোচনা করে নিশ্চিত হয়েছে যে, প্যারিস ও ফ্রাঙ্কফূর্ট রুট দুটি শুধু অলাভজনকই নয়, নগরীর দুটি অফিস পরিচালনার টাকাও পাঠাতে হয় ঢাকার বিমান সদর দফতর থেকে। চট্টগ্রাম-ইয়াঙ্গুন ফ্লাইটটিও অলাভজনক। তাই এটিও বন্ধ করে দেওয়া হবে। ব্যাংকক, সিঙ্গপুর ও কুয়ালালামপুরে ফ্লাইট সংখ্যা কমিয়ে দেওয়া হবে। এদিকে ফ্লাইট সংখ্যা বাড়বে মধ্যপ্রাচ্য ও লন্ডনের মতো লাভজনক রুটগুলোতে।
অভ্যন্তরীণ রুট ঢাকা-বরিশাল বন্ধ করে দেওয়া হবে।
সূত্র জানায়, এসব পদক্ষেপ কার্যকর করলে বিমানের বিপুল পরিমান অর্থ প্রতিমাসে সাশ্রয় হবে।
বিমানের উড়োজাহাজ বহরে এখন পাঁচটি ডিসি-১০, চারটি এয়ারবাস এবং তিনটি এফ-২৮ রয়েছে। বিশ্বের তিনটি মহাদেশের ২৬ টি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে বিমান যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে।
