২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিইভিপি সম্মেলন সমাপ্ত: জ্বালানির সমন্বিত ব্যবহারের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের প্রত্যয় ঘোষণা

জ্বালানির সমন্বিত ব্যবহারের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অর্জিত সাফল্য বিশ্বের অন্যদের সাথে বিনিময়ের মাধ্যমে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো গ্লোবাল এনার্জি ভিলেজ পার্টনারশিপ’র (জিভিইপি) প্রথম সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক

মোল্লাহ আমজাদ হোসেন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 03:12 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

সমাপনী সভায় শনিবার বলা হয়, এই অভিজ্ঞতা বিনিময়ে সকলকে কাছাকাছি আনার জন্যে জিইভিপি মুখ্য সমন্বয়কের ভূমিকা পালন করবে।

জিইভিপি পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও নেদারল্যান্ড সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পল হ্যাসিং বলেন, সম্মেলনে প্রশ্ন এসেছে কেন বাংলাদেশ, নেপাল, জিম্বাবুয়েসহ অন্যদেশগুলোকে সদস্য করা হচ্ছে না। কিন্তু এটি সদস্য করা না করার বিষয় নয়। জিইভিপি-র লক্ষ্য বাস্তবায়নে যে কোনও দেশ আগ্রহ প্রকাশ করলে বোর্ড অবশ্যই তা বিবেচনা করবে। তবে মনে রাখতে হবে জিইভিপি অর্থ যোগানদাতা নয়।

তিনি বলেন, এ ফোরাম সবার জন্যে। আমাদের সাথে ২৬টি দেশ আছে। বিশ্বের বিভিন্ন দেশের ৮০০টি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যুক্ত। বাংলাদেশ এর সদস্য না হলেও সেখানকার বেশ কিছু সংগঠন আমাদের সদস্য। দেশটির সাফল্য আছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে। বিশ্বের অন্যান্য দেশে আমরা এ অভিজ্ঞতাকে কাছে লাগাবে পারি। একই সাথে অসদস্য দেশগুলো অন্যদের সাফল্য, বিশেষ কারে জ্বালানি সেবাকে কীভাবে সফল দারিদ্র্য বিমোচন কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

সমাপনী সভায় কথা বলেন, দক্ষিণ আফ্রিকার মিনারেলস অ্যান্ড এনার্জি মন্ত্রী লুলু জিংওয়ানা, হন্ডুরাসের এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি উপমন্ত্রী গিরার্ডো স্যালগাডো এবং জিইভিপি’র কর্মসূচি ব্যবস্থাপক অ্যাবিকু ব্রু হ্যামন্ড।

দক্ষিণ আফ্রিকার মিনারেলস অ্যান্ড এনার্জি মন্ত্রী লুলু জিংওয়ানা বলেন, কে সদস্য কে সদস্য নয়, এটি আজকের প্রশ্ন নয়। বিষয় হচ্ছে, আমরা দারিদ্র্যমুক্ত বিশ্ব চাই। এর জন্যে কাজ শুরু করে যারা সাফল্য পেতে শুরু করেছে, অন্যদের জন্যে সেসব কাজ প্রয়োগের সুযোগ করে দেওয়াই এ সম্মেলনের উদ্দেশ্য। আর জ্বালানি সরবরাহ এবং দারিদ্র্য বিমোচনের দক্ষতা বাড়ানোর এই বড় চ্যালেঞ্জ মোকবেলায় জিইভিপি হবে মুখ্য সমন্বয়কারী।

হন্ডুরাসের এনভায়রমেন্ট অ্যান্ড এনার্জি উপমন্ত্রী গিরার্ডো স্যালগাডো বলেন, তার দেশের সাফল্য বিশ্বের অন্য কোনও দেশ ব্যবহার করতে চাইলে তারা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

জিইভিপি’র কর্মসূচি ব্যবস্থাপক অ্যাবিকু ব্রু হ্যামন্ড বলেন, প্রথম সম্মেলনে যে সাড়া পাওয়া গেছে, তা দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে জ্বালানির দক্ষ ব্যবহারে পুরো দুনিয়াকে সহায়তা করবে। তবে মনে রাখতে হবে, এটা সেবাদানকারী সংস্থা নয় বরং এটি চ্যালেঞ্জ মোকাবেলার পার্টনারশিপ।

এদিকে ১৮ অক্টোবর থেকে কর্মসূচি শুরু হলেও মূল সম্মেলন ছিল ২০ ও ২১ অক্টোবর। ২২ অক্টোবর সম্মেলন নিয়ে মিডিয়া প্রতিনিধিদের মূল্যায়নের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হলো।