সাফটা চুক্তির ৩টি বিষয় অমীসাংসিত, কারিগরি সহায়তা সম্প্রসারণ চূড়ান্ত
ব্যাপক প্রচেষ্টার পরও সাফটা চুক্তির তিনটি উল্লেখযোগ্য বিষয় রুলস অব অরিজিন, স্পর্শকাতর তালিকা ও রাজস্ব ক্ষতিপূরণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে ব্যর্থ হয়েছে সার্ক বিশেষজ্ঞ কমিটি।
এ ব্যর্থতার মধ্য দিয়েই নেপালের রাজধানী কাঠমান্ডুতে বুধবার শেষ হয়েছে সার্ক বিশেষজ্ঞ কমিটির ১১তম বৈঠক। এর ফলে নির্দিষ্ট সময়ে সাফটার লক্ষ্য বাস্তবায়নে আশংকা দেখা দিয়েছে।
সার্ক সচিবালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সাতটি সদস্য রাষ্ট্রের বাণিজ্য কর্মকর্তাদের এ বৈঠকে সাফটার গুরুত্বপূর্ণ বিষয় স্পর্শকাতর তালিকা, রুলস অব অরিজিন ও রাজস্ব ক্ষতি কাটিয়ে ওঠার কৌশল নিয়ে ব্যাপক আলোচনা হয়। তাতে কোনও সমঝোতায় পৌঁছতে তারা ব্যর্থ হয়েছেন।
তবে স্বল্প উন্নত সদস্য রাষ্ট্রসমূহকে কারিগরি সহায়তা প্রদান সংক্রান্ত সম্প্রসারিত বিষয়টি বৈঠকে চূড়ান্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, স্পর্শকাতর তালিকা ও রুলস অব অরিজিন বিষয়টি প্রায় চুড়ান্ত হয়েছে। তাছাড়া, রাজস্ব ক্ষতি কাটিয়ে ওঠার ক্ষেত্রে দাবি উত্থাপন এবং ক্ষতিপূরণ প্রক্রিয়া সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থাপনার ব্যাপারে সকলে একমত পোষণ করেছেন।
বৈঠকে সাফটা চুক্তির প্রধান তিনটি বিষয়ের কৌশল প্রণয়নে বিকল্প উপায় অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। পরবর্তী বৈঠকে উল্লেখযোগ্য সকল বিষয় সমাধানের উপায় খুঁজে বের করা হবে বলে এতে সিদ্ধান্ত নেওয়া হয়।
