লন্ডন শেয়ার বাজারে বেক্সিমকো ফার্মার লেনদেন শুরু
লন্ডন স্টক এক্সচেঞ্জে শুক্রবার লেনদেন শুরু করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। বাংলাদেশের বেসরকারি খাতের জন্য এটি একটি বড় ঘটনা।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসই হচ্ছে প্রথম বাংলাদেশী কোম্পানি যারা লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত হলো।
লন্ডন স্টক এক্সচেঞ্জে বাংলাদেশের বৃহৎ এ ফার্মাসিউটিক্যালস কোম্পানির টিকার (শেয়ারের দর সংক্রান্ত) কোড হবে বিএক্সপি।
স্থানীয় সময় সকাল ৮টায় ব্রিটিশ পেনশন সংস্কার মন্ত্রী স্টিফেন টিমস এমপি ইলেক্ট্রনিক বোতাম চেপে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শেয়ার বাজারে বেক্সিমকোর লেনদেনের ঘোষণা দেন।
এসময় বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান, ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
লন্ডনের পুঁজি বাজারে বেক্সিমকোর শেয়ার লেনদেনে বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশের ভাবমূর্তির বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন বৃটেনের মন্ত্রী স্টিফেন টিমস।
তিনি বলেন, বাংলাদেশের অন্যান্য উল্লেখযোগ্য কোম্পানিগুলো বেক্সিমকোর এ পথযাত্রাকে অনুসরণ করতে পারে। এ ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্রিটেন ও বাংলাদেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করবে।
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান জানান, আনুসঙ্গিক কর্মকাণ্ড সম্পন্ন হলে আগামী এক বছরের মধ্যে বেক্সিমকো টেক্সটাইলও লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।
সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, লন্ডন স্টক এক্সচেঞ্জের আলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) একই সাথে মুসলিম বিশ্বের ও বাংলাদেশী প্রথম কোম্পানি হিসেবে অন্তর্ভূক্ত হওয়ায় আমরা খুবই আনন্দিত।
তিনি বলেন, বেক্সিমকো ফার্মা লন্ডন স্টক এক্সচেঞ্জের আলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটের মাধ্যমে জিডিআর (গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্ট) খোলা প্রথম কোনও কোম্পানি।
বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, কোম্পানির কার্যক্রম সম্প্রসারণের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার অধীনে ওষুধের বিশ্ব বাজার আরও বিস্তৃত করা। কেননা অন্যদের থেকে ওষুধ তৈরির কৌশল সংগ্রহ করার অধিকার হারিয়েছে ভারত ও চীন।
তিনি বলেন, ২০১৫ সাল পর্যন্ত অন্যদের প্যাটেন্টে ওষুধ তৈরির অনুমোদনপ্রাপ্ত স্বল্প উন্নত দেশগুলোর মধ্যে কেবল বাংলাদেশেরই ওষুধ তৈরির ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া এ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে।
ভাইস চেয়ারম্যান সালমান রহমান মনে করেন লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার অন্তর্ভূক্তির অপর একটি ভাল দিকও রয়েছে। তিনি বলেন, বিশ্বে যেখানে প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য ভ্রান্ত ধারণার কারণে বাংলাদেশের ভাবমূর্তি সংকট প্রকট সে মুহূর্তে আন্তর্জাতিক কোনও পুঁজি বাজারে এ ধরনের অন্তর্ভূক্তি দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে সহায়ক হবে।
