২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিআরএসপি বাস্তবায়নে বাধা অর্থ সংকট, অদক্ষতা

সরকার অনুমোদিত দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) বাস্তবায়নের ক্ষেত্রে অর্থ সংকট ও প্রাতিষ্ঠানিক অদক্ষতা প্রধান বাধা হয়ে দাঁড়াবে বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 09:48 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলিকুজ্জামান বিডিনিউজকে বলেন, সরকার যদি জাতিসংঘ নির্ধারিত সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য মাত্রার সাথে সামঞ্জস্য রেখে দেশের দারিদ্র্য অর্ধেকে নামিয়ে আনতে চায় তবে তাকে দ্রারিদ্রের হার বছরে ৩ দশমিক ৩ শতাংশের পরিবর্তে ৪ দশমিক ৫ শতাংশ হারে কমিয়ে আনতে হবে।

তিনি বলেন, এই হার অর্জন করতে হলে সরকারের বিপুল পরিমান অর্থ প্রয়োজন। কেননা দারিদ্র্য বিমোচনের বর্তমান হার মাত্র ১ দশমিক ৫ শতাংশ।

সরকার রোববার এ পিআরএসপি অনুমোদন করে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলসহ (আইএমএফ) বহুপাক্ষিক দাতা সংস্থাগুলোর কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পিআরএসপি একটি অত্যাবশ্যক দলিল।

পিআরএসপি প্রস্তুত টিমের একজন উপদেষ্টা ও পরিকল্পনা কমিশনের উচ্চ পদস্থ কর্মকর্তা রাহনুমা সালাম খান বলেন, কর্মসংস্থান ও আয় বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে পিআরএসপি তিন বছর মেয়াদী একটি রোডম্যাপ।

তবে অর্থনীতিবিদরা বলছেন, ২০১৫ সাল নাগাদ সরকার দেশের দারিদ্র্য কিভাবে অর্ধেকে নামিয়ে আনবে, পিআরএসপিতে সে ব্যাপারে কার্যকর কোনও গাইডলাইন দেওয়া হয়নি।

আতিউর রহমান বলেন, বার্ষিক মাত্র ১ দশমিক ৫ শতাংশ কৃষি প্রবৃদ্ধির সাহয্যে সরকার যেখানে ৩ দশমিক ৩ শতাংশ হারে দারিদ্র্য কমাতে পারছে না সেখানে জিডিপির হার ৭ শতাংশ অর্জন তো দূরের কথা।

কাজী খলিকুজ্জামান বলেন, পূর্বনির্ধারিত দারিদ্র্য বিমোচনের হার অনেক কম। সরকার তাই অর্জন করতে পারেনি। সরকার ২০১৫ সাল নাগাদ কিভাবে দারিদ্র্য অর্ধেকে নামিয়ে আনবে সে ব্যাপারে তিনি প্রশ্ন রাখেন।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সাজ্জাদ জহির বিডিনিউজকে বলেন, মধ্যবর্তী বাজেট বাস্তবায়নের মাধ্যমে সরকার অর্থবছরে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাবে তা করতে সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে।

তিনি বলেন, মধ্যবর্তী বাজেটের তুলনায় পিআরএসপি আরও বৃহত্তর পলিসি। এটি বাস্তবায়ন করা সরকারের জন্যে চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াবে।

তিনি আরও বলেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কারণে পিআরএসপি বাস্তবায়ন পিছিয়ে পড়বে।

আতিউর রহমান বলেন, মিল কারখানা বন্ধ করে দেওয়ার মাধ্যমে সরকার কর্মসংস্থান সৃষ্টি করতে পারে না। দেশে নতুন কোনও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি বলে তিনি উল্লেখ করেন।