২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংকের শেয়ার বিক্রিতে ৮ কোটি রূপী লোকসান, অর্থমন্ত্রীকে দোষারোপ করল

রূপালী ব্যাংকের করাচি শাখার শেয়ার বিক্রিতে দেশের আট কোটি পাকিস্তানী রূপী লোকসান করার অভিযোগে আওয়ামী লীগ অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও তার সহযোগীদের দোষারোপ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন খান আলমগীর বুধবার এক বিবৃতিতে বলেন, দ্বিতীয় সর্বোচ্চ দর প্রদানকারী কোম্পানি হওয়া সত্ত্বেও পাকিস্তানী কোম্পানি আরিফ হাবিব সিকিউরিটিজের কাছে রূপালী ব্যাংকের ৮০ শতাংশ শেয়ার বিক্রি করা হয়েছে।

তিনি বলেন, এর ফলে দেশের আট কোটি রূপী লোকসান হয়েছে। অনিয়মের মাধ্যমে ব্যাংকটির শেয়ার বিক্রি করার সাথে যারা জড়িত আছেন, তিনি তাদের শাস্তি দাবি করেন।

তিনি আরও বলেন, সর্বোচ্চ দর প্রদানকারী কোম্পানি ছিল ফার্স্ট ক্যাপিটাল কর্পোরেশন লিমিটেড। এ কোম্পানি ৩৪ দশমিক ৫২ কোটি রূপীর অফার দিয়েছিল, যা আরিফ হাবিব সিকিউরিটিজের চেয়ে পাঁচ কোটি রূপী বেশি।

পরবর্তী তিন বছর ব্যাংকটির কার্যক্রম পরিচালনার জন্য আরিফ হাবিব সিকিউরিটিজ কোম্পানির কাছে সরকারের প্রাপ্য ২ দশমিক ৭৫ কোটি রূপী।

বিবৃতিতে মহিউদ্দিন খান আলমগীর বলেন, আমরা দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।

সরকার ১৬ সেপ্টেম্বর পাকিস্তানী কোম্পানি আরিফ হাবিরের সাথে এ চুক্তি স্বাক্ষর করে।

পর্যায়ক্রমে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া প্রথম রাষ্ট্রায়াত্ত ব্যাংক হচ্ছে রূপালী ব্যাংক। ব্যাংকটির মূলধন ২১ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার।