২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মীয় উগ্রবাদীদের উত্থানের ব্যাপারে সরকারকে সতর্ক করল এফবিসিসিআই

দেশে ধর্মীয় উগ্রবাদীদের উত্থান সম্পর্কে সরকারকে সতর্ক করে মঙ্গলবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) বলেছে, এ ঘটনায় অর্থনীতিতে নাজুক অবস্থার সৃষ্টি হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে মঙ্গলবার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে এফবিসিসিআই’র নবনির্বাচিত নেতৃবৃন্দ একথা বলেন।

ইসলামী জঙ্গি গ্রুপ পরিচালিত সারা দেশে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার কথা উল্লেখ করে এফবিসিসিআই’র নবনির্বাচিত সভাপতি মীর নাসির হোসেন বলেন, এ ঘটনায় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তিনি বলেন, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে এবং সন্ত্রাসীদের কোনও বিচার না হলে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে। এর ফলশ্রুতিতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

এফবিসিসিআই নেতৃবৃন্দ মূল্যস্ফীতি বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার এ ব্যাপারে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নেতৃবৃন্দ বেশ কিছু বিদেশী পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের জন্যে সরকারের প্রতি আহ্বান জানান।

এফবিসিসিআই পরিচালক আবদুর রউফ চৌধুরী বলেন, আমরা হংকংয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলনে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করেছি। যদিও মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে আমাদেরকে কিছু জানানো হয়নি।

আসন্ন বিশ্ব বাণিজ্য সংস্থার আলোচনায় জাতীয় স্বার্থ সংরক্ষণ করা হবে বলে বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এফবিসিসিআই নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলু ও বাণিজ্য সচিব আলগীর ফারুক সিদ্দিক উপস্থিত ছিলেন।