২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস সংকট নিরসনে সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ওষুধ শিল্প সমিতি

দেশব্যাপী গ্যাস সংকটের চরম মুহূর্তে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পরিবর্তে উৎপাদনশীল শিল্পকারখানায় বাধাহীনভাবে গ্যাস সরবরাহের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 07:03 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতি জানায়, সরকারের সময়োপযোগি এই সিদ্ধান্ত

দেশের বিকাশমান শিল্প ও ক্রমবর্ধমান অর্থনীতির অনুকুলে বিশেষ ভূমিকা রাখবে।

গ্যাস সংকট মোকাবেলায় সরকার সম্প্রতি টংগী পাওয়ার স্টেশন এর পরিবর্তে উৎপাদনশীল শিল্পকারখানাসমূহে বাধাহীনভাবে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।

ওষুধ শিল্প সমিতি জানায়, সরকারের সিদ্ধান্তটি স্বল্পমেয়াদী হলেও গ্যাস সংকটের চরম মুহূর্তে এটি কারখানার উৎপাদন ও রফতানি কার্যক্রম অব্যাহত রাখতে সহায়ক হবে।

এতে বলা হয়, ক্রমবর্ধমান গ্যাস সংকটের জন্য ওষুধ শিল্পের ভবিষ্যত আজ হুমকির সম্মুখীন। এই সংকট আরও ঘনীভূত হলে জীবন রক্ষাকারী ওষুধ শিল্পকারখানার উৎপাদন ও রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে যা দীর্ঘমেয়াদে দেশের বেকারত্ব বৃদ্ধিসহ অর্থনৈতিক কর্মকান্ডে মারাত্মক প্রভাব ফেলতে পারে।

এজন্য গ্যাস সংকট মোকাবেলার সরকারকে দীর্ঘমেয়াদী ও সুদূরপ্রসারী পরিকল্পনা এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সমিতির পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ করা হয়।

উল্লেখ্য, দেশের ওষুধ চাহিদার শতকরা ৯৬ ভাগ পূরনের পাশাপাশি বাংলাদেশের গুনগতমানসম্পন্ন ওষুধ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের ৬২টি দেশে রফতানি হচ্ছে।

এ শিল্পে বর্তমানে সর্বাধিক সংখ্যক শিক্ষিত জনগোষ্ঠির কর্মসংস্থান হয়েছে।